২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক ফরহাদ হত্যায় স্বজন জড়িত !

রাজধানীর নয়াপল্টনে সাংবাদিক ফরহাদ খাঁ ও তার স্ত্রী রহিমা খাঁ হত্যাকাণ্ডে আত্মীয়স্বজনের কেউ জড়িত বলে পুলিশ নিশ্চিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 02:26 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নয়াপল্টনে সাংবাদিক ফরহাদ খাঁ ও তার স্ত্রী রহিমা খাঁ হত্যাকাণ্ডে আত্মীয়স্বজনের কেউ জড়িত বলে পুলিশ নিশ্চিত হয়েছে। সে ধারণা থেকেই পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। পল্টন থানার ওসি শহিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার পর্যন্ত পুলিশ নিশ্চিত যে, আত্মীয়স্বজনের মধ্যে কেউ এই হত্যার সঙ্গে জড়িত। সে অনুযায়ীই মামলার তদন্ত চলছে। তিনি বলেন, "আশা করা হচ্ছে হত্যার সঙ্গে জড়িত একজনকে শিগগিরই গ্রেপ্তারের মাধ্যমে মামলার অগ্রগতি হবে।" ওসি জানান, ফরহাদের ইতালি প্রবাসী একমাত্র মেয়ে আইরিনের স্বামী সৈয়দ পারভেজ কুয়েল স্ত্রীর টাকায় আসবাবপত্রের ব্যবসা শুরু করেন। তিনি দোকান করার পর দ্বিতীয় বিয়ে করায় পারিবারিক দ্বন্দ্ব দেখা দেয়। এই বিষয়টিও তদন্তের মধ্যে রাখা হয়েছে। তবে ফরহাদের ছোট ভাই আবুল কালাম খাঁ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুয়েল গত মাসের শেষ দিকে ইতালিতে স্ত্রীর কাছে গেছে। সে দ্বিতীয় বিয়ে করলেও পরিবারে কোন দ্বন্দ্ব ছিল না।" ওসি শহিদুল হক জানান, যে বাড়িতে হত্যাকাণ্ড ঘটেছে সেই বাড়ির নীচতলার মালিক রফিকুল ইসলাম মোক্তারকে নজরদারির মধ্যে রাখা হয়েছে। মোক্তার তার বাসায় প্রতি বৃহস্পতিবার জলসা বসাতেন। এই জলসা বন্ধ না করলে তা নিয়ে লেখালেখি করা হবে বলে ফরহাদ কিছুদিন আগে মোক্তারকে বলেছিলেন। এদিকে এই জোড়া খুনের ঘটনায় রোববার বিকাল পর্যন্ত ৩৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. জিল্লুর রহমান। এদের মধ্যে নিহতদের নিকট আত্মীয় ও প্রতিবেশীরা রয়েছেন। এসআই জিল্লুর রহমান জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে। এজন্য পুলিশের একাধিক দল ঢাকার বাইরে রয়েছে। শুক্রবার বিকালে নয়াপল্টনের বাসা থেকে সাংবাদিক ফরহাদ খাঁ ও তার স্ত্রী রহিমা খাঁ'র গলা কাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার রাতে কোন এক সময়ে তাদের হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/কেএমএস/২০০০ ঘ.