২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বন্দিশালা' ইটভাটা বিক্রি হলো ৫ লাখ টাকায়

সাভারের আশুলিয়ায় বাজেয়াপ্তঘোষিত ইটভাটা 'একতা ব্রিকস' নিলামে বিক্রি হয়েছে মাত্র পাঁচ লাখ টাকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 02:08 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

সাভার, জানুয়ারী ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় বাজেয়াপ্তঘোষিত ইটভাটা 'একতা ব্রিকস' নিলামে বিক্রি হয়েছে মাত্র পাঁচ লাখ টাকায়। গত ২৬ জানুয়ারি ওই ভাটা থেকে শেকলে বাঁধা অবস্থায় শিশু ও নারীসহ ৩০ জনকে উদ্ধারের পর বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমীন সেটি বাজেয়াপ্ত ঘোষণা করে ভেঙে ফেলার নির্দেশ দেন। কিন্তু পরে ভাটাটি ধ্বংস না করে নিলামের ব্যবস্থা করা হয়। রোববার বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বপালনকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফুজ্জামানের উপস্থিতিতে প্রায় আধা কোটি টাকার ইটভাটাটি নিলামে তোলা হয়। স্থানীয় ১০ জন ব্যবসায়ী ডাকে অংশ নেন। নিলামে সর্বনিু ১ লাখ টাকা থেকে দর ওঠে ৫ লাখ টাকা পর্যন্ত। সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় ব্যবসায়ী হাবিবুর রহমান প্রশাসনের কাছ থেকে ভাটার মালিকানা বুঝে নেন। অন্যদের মধ্যে আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম, ওসি (তদন্ত) আব্দুর রশিদসহ প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফুজ্জামান বলেন, "নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমীন ইটভাটাটি ধ্বংস করার নির্দেশ দিলেও পরে ইটসহ স্থাপনাটি নিলামে বিক্রির নির্দেশ দেন। ইট ভাটার সম্পত্তির মধ্যে এক লাখ পোড়া ইট, ৮ লাখ কাঁচা ইট, চিমনি, শ্রমিকদের অস্থায়ী বাসস্থান, একটি টেলিভিশন ও একটি ডিভিডি প্লেয়ার রয়েছে।" আশুলিয়া থানার ওসি (তদন্ত) আব্দুর রশিদ বলেন, "এই ভাটা ভাঙতে প্রচুর অর্থের প্রয়োজন। নিলামের মাধ্যমে এ সম্পদ বিক্রি করে যে অর্থ পাওয়া গেছে তা সরকারের কোষাগারে জমা হবে।" জানান, নিলামের সময় ধরনের গোলোযোগ এড়াতে ভাটা এলাকায় পুলিশ মোতায়েন করা হয় বলে জানান তিনি। গত ২৬ জানুয়ারি রাতে 'একতা ব্রিকস' নামের ওই ইটভাটা থেকে শিশু ও নারীসহ ৩০ জনকে উদ্ধার করে র‌্যাব। উদ্ধারকৃতরা অভিযোগ করেন, দিনে তাদের দিয়ে ভাটায় কাজ করানো হতো। কাজ শেষে শেকলে বেঁধে একটি ঘরে আটকে রাখা হতো। কেউ পালানোর চেষ্টা করলে শারীরিকভাবে নির্যাতন চলতো তার ওপর। র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার এম সোহায়েল সাংবাদিকদের জানান, ওই ভাটায় শ্রমিকদের পায়ে শেকল বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হতো। তাদের ঠিকমতো খাবারও দেওয়া হতো না। ইটভাটার মালিকদের মধ্যে এক জনের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে, যা দিয়ে শ্রমিকদের ভয় দেখানো হতো। ২৭ জানুয়ারি ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন ঘটনাস্থলে গিয়ে ইটসহ ভাটা বাজেয়াপ্ত ঘোষণা করেন। ওইদিন তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই ইট ভাটার কোনো লাইসেন্স নেই। ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন-১৯৮৯ এর ৪ নম্বর ধারা লঙ্ঘন করেছে তারা।" এদিকে ৩০ জনকে উদ্ধারের রাতেই ইটভাটার ব্যবস্থাপক সুলতান মোহাম্মদ রতন ও শ্রমিক সর্দার হোসেন গাজীকে গ্রেপ্তার করে র‌্যাব। পরদিন নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগে ইট ভাটার আট মালিক ও আটক দুই কর্মচারীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা হয়। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম রোববার বলেন, "মামলার আসামিরা সবাই জামিনে রয়েছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৯৪৪ ঘ.