ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রামপুরায় ব্যবসায়ী শহিদুল্লাহ হত্যাকাণ্ডে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জিজ্ঞাসাবাদের জন্য রোববার দুপুরে এদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন রামপুরা থানার ওসি সায়েদুর রহমান।
ওসি বলেন, "শহিদুল্লাহ স্থানীয় কুঞ্জবন বাড়ি মালিক সমিতির সভাপতি ছিলেন। এই সমিতির নেতাদের মধ্যে বিরোধ ছিল। এছাড়া তিনি যে বাড়িটিতে থাকতেন, সেটিরও মালিকানা নিয়ে কিছুটা সমস্যা রয়েছে। এসব বিষয় বিবেচনায় রেখেই আমরা তদন্ত করছি।"
গ্রেপ্তারকৃতরা হলো বাবুল হোসেন (২০), সুমন হোসেন (২১) ও নুর ইসলাম (২৩)। স্থানীয় নানা অপরাধে সম্পৃক্ততা থাকায় এবং হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এদের গ্রেপ্তার করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মামলাটির তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. মনির হোসেন।
নিহতের ভাই মো. কামরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে রোববার সকালে একটি মামলা দায়ের করেছেন।
শুক্রবার রাতে রামপুরায় নিজ বাসার সামনে দাড়িয়ে থাকা অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মো. শহিদুল্লাহ (৫২)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/কেএমএস/১৮৪২ ঘ.
bdnews24