২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্টের প্রজ্ঞাপন উস্কানিমূলক: খন্দকার মাহবুব

দেশের সর্বোচ্চ আদালতের জারি করা প্রজ্ঞাপনকে 'উস্কানিমূলক' অভিহিত করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 10:46 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সর্বোচ্চ আদালতের জারি করা প্রজ্ঞাপনকে 'উস্কানিমূলক' অভিহিত করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। রোববার তিনি নিজ কার্যালয়ে সংবাদিকদের বলেন, "প্রধান বিচারপতি উস্কানিমূলক পদক্ষেপ নিয়ে জনগণ ও আইনজীবীদের কাছে নিজেকে হেয় করেছেন।" বিএনপি সমর্থক আইনজীবীরা গত বৃহস্পতিবার সকালে আদালত বর্জন করে বিক্ষোভ করার পর দুপুরে সুপ্রিম কোর্ট একটি প্রজ্ঞাপন জারি করে। বিচারিক কার্যক্রম ব্যাহত করে- এমন কর্মসূচি থেকে বিরত থাকার জন্য এই প্রজ্ঞাপনে আইনজীবীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, সর্বোচ্চ আদালতের কার্যক্রমকে বাধাগ্রস্ত করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সমিতির বার্ষিক ভোজের নিমন্ত্রণ দিতে রোববার দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন খন্দকার মাহবুব হোসেন ও সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা বাদল। তারা দুপুর ১টার দিকে প্রধান বিচারপতির কার্যালয়ে যান এবং সোয়া ২টার দিকে বেরিয়ে আসেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃত্বে বর্তমানে বিএনপি সমর্থকরা রয়েছেন। খন্দকার মাহবুব আরো বলেন, "তিনি (প্রধান বিচারপতি) অতীত ইতিহাস জানেন না। ২০০৬ সালে যারা এজলাস ভাঙচুর করেছিলো তাদের পুরস্কৃত করা হয়েছে। আমাদের বিরুদ্ধেও যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে ভবিষ্যতে আমরাও পুরস্কৃত হবো।" সে সময়ে ভাঙচুরের ঘটনায় দায়ীদের অনেকে বিচারপতি, অনেকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হয়েছেন বলে দাবি করেন খন্দকার মাহবুব। ২০০৬ সালের ৩০ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকার প্রধান ইয়াজউদ্দিন আহম্মেদের বিরুদ্ধে দায়ের করা রিট আবেদনের শুনানি প্রধান বিচারপতির আদেশে স্থগিত হয়ে গেলে আবেদনকারীর পক্ষের বিক্ষুব্ধ আইনজীবীরা প্রধান বিচারপতির এজলাসে হামলা চালায় ও ভাঙচুর করে। সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা বলেন, "খুনের মামলা দায়ের ও ভাঙচুরকারীদের শপথ করানোর পর থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে। এ আন্দোলন আমাদের পেশাগত স্বার্থ, সুপ্রিম কোর্টের মর্যাদা রক্ষা এবং বিচারপ্রার্থীদের জন্য।" অতীতে আইনজীবীরা কোনো হুমকির মুখে মাথা নত করেনি বলে মন্তব্য করে তিনি আরো বলেন, "সুপ্রিম কোর্টে দলীয় দৃষ্টিভঙ্গীর আলোকে নেওয়া পদক্ষেপ আমরা যে কোনো মূল্যে রুখে দেব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/কেএমএস/১৬৪৪ ঘ.