২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সকাল-সন্ধ্যা হরতাল দুপুরেই শেষ

বিএনপির ডাকা হরতাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হলেও দুপুরেই স্বাভাবিকতা ফিরে আসে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে। অফিস-আদালতে কাজ চলে পুরোদমে, গাড়িও চলতে শুরু করেছে। রাস্তায় নেই কোনো পিকেটারও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 04:26 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকা হরতাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হলেও দুপুরেই স্বাভাবিকতা ফিরে আসে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে। অফিস-আদালতে কাজ চলে পুরোদমে, গাড়িও চলতে শুরু করেছে। রাস্তায় নেই কোনো পিকেটারও। গত ২৭ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচনে 'কারচুপির' প্রতিবাদে জেলা বিএনপি রোববার এ হরতালের ডাক দেয়। সকালে বিএনপির কয়েকটি মিছিল এবং পিকেটারদের তৎপরতা থাকলেও সকাল ১১টার পর আর তাদের দেখা যায়নি। ফলে এরপর থেকে শহরের দোকান-পাট খুলতে শুরু করে। সরকারি-বেসরকারি অফিসগুলোকে কাজও পুরোপুরি শুরু হয়ে যায়। ভোর থেকে রেল যোগাযোগ স্বাভাবিক থাকলেও ১১টার পর থেকে দূরপাল্লার বাসও চলতে শুরু করে। স্থানীয় প্রশাসন ভোর থেকে শহরে যে কোনো ধরণের সহিংসতা এড়াতে প্রধান প্রধান সড়কে বিপুল সংখ্যক আর্মড পুলিশ মোতায়েন করে। এদিকে সকাল ৮টার দিকে সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরে তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান স্থানীয় ছাত্রলীগ নেতা নাহিদ হোসেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সাংবাদিকদের জানান ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জামিল আহমেদ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন অভিযোগ করেন, সকালে মৌলভীপাড়ায় রাস্তায় পিকেটিং করার সময় পুলিশের লাঠিপেটায় বিএনপির কয়েকজন কর্মী আহত হয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, পুলিশের মারমুখী অবস্থানের কারণে হরতালের সমর্থনে নেতা-কর্মীরা রাস্তায় নামতে পারেনি। তবে হরতালে জনগণ সাড়া দিয়েছে বলে দাবি করেন বিএনপি নেতা। অন্যদিকে নবনির্বাচিত সংসদ সদস্য র আ ম মোক্তাদির চৌধুরী সাংবাদিকদের বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে ভোট দিয়েছে। তাই তারা এ হরতাল প্রত্যাখান করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৫৪০ ঘ.