২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপুরায় দুর্বৃত্তের গুলিতে শেয়ার ব্যবসায়ী নিহত

রাজধানীর পুর্ব রামপুরায় শনিবার রাতে দুর্বৃত্তের গুলিতে এক শেয়ার ব্যবসায়ী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2011, 05:37 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুর্ব রামপুরায় শনিবার রাতে দুর্বৃত্তের গুলিতে এক শেয়ার ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত শহীদুল্লাহ (৫২) পূর্ব রামপুরার ৩৮০/১৭ নম্বরে কুঞ্জবন নামের বাড়ির তৃতীয় তলায় থাকতেন। পাঁচতলা এই ভবনটি তার নিজের। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোখলেসুর রহামনের ছেলে। ব্যক্তি জীবনে দুই ছেলের জনক। শহীদুল্লাহর ভায়রা মো. শাহজাহান বলেন, রাত সাড়ে ৯টার দিকে শহীদুল্লাহ বাসার সমানে রাস্তায় হাঁটছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। আশপাশের লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত ১০টা ২০ মিনিটে নিয়ে চিকিৎসকরা জানান, তিনি মৃত। শহীদুল্লাহ শেয়ার বাজারের বিনিয়োগকারী ছিলেন বলে তার ভায়রা জানান। রামপুরা থানার ওসি সায়েদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে মৃত্যুর খবর দেওয়া হয়েছে। তার হত্যার কারণ জানা যায়নি বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/ডিডি/২৩২৬ ঘ.