২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পৃথক ঘটনায় তিনজন খুন

ঢাকার সাভারে পৃথক ঘটনায় গামের্ন্টস কর্মীসহ তিনজন খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2011, 02:21 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

সাভার, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে পৃথক ঘটনায় গামের্ন্টস কর্মীসহ তিনজন খুন হয়েছেন। শনিবার সকাল ৯টা থেকে ১২টার মধ্যে তিনটি স্থান থেকে লাশ তিনটি উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- আশুলিয়ার গাজীবাড়ী এলাকার শরিফ হোসেন (২৫), পাবনা সদর উপজেলার সলগাড়িয়ার রিকশা চালক কোরবান আলী (৩৫) এবং নাটোরের ইসলামপুর উপজেলার লালপুর এলাকার মৌসুমি আক্তার (২০)। মৌসুমি আশুলিয়ার লিলি ফ্যাশনে কর্মরত ছিলেন। এ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তার স্বামীকে গ্রেপ্তার করেছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারিবারিক কলহের জের ধরে গামের্ন্টস কর্মী মৌসুমি আক্তারকে তার স্বামী সাজেদুল খুন করেছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়ার কন্ডা এলাকার বাসা থেকে মৌসুমির লাশ উদ্ধার করা হয়। তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। এ হত্যায় জড়িত সন্দেহে একই গামের্ন্টসের শ্রমিক সাজেদুল ইসলাম স্বাধীনকে গ্রেপ্তার করা হয়েছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান কৌশিক আহমেদ বলেন, সকাল ৯টার দিকে পুলিশ নান্নাপুল্লা বাজারের একটি ক্যারম খেলার ঘর থেকে গলায় গামছা প্যাঁচানো শরিফের লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, লিটন নামে কালিয়াকৈরের এক মাছ ব্যবসায়ী বন্ধুর কাছ থেকে শরিফ একাধিকবার টাকা ধার নিয়েছেন। সকালে লিটন ও শরিফ একসঙ্গে শিমুলিয়ার নান্নাপুল্লা বাজারে একটি ক্যারম খেলার আসরে যান। ধারণা করা হচ্ছে ধারের টাকাকে কেন্দ্র করে লিটন শরিফকে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি ফেলে যায়। অপর হত্যার ঘটনা সম্পর্কে সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহম্মেদ জানান, দুপুর ১২টার দিকে সাভারের হেমায়েতপুর এলাকার যাদুরচর মহল্লার একটি ধান ক্ষেত থেকে রিকশা চালক কোরবান আলীর লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, এই এলাকায় প্রতিরাতে একটি জুয়ার আসর বসে। ধারণা করছেন, জুয়া খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষ তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি ধানক্ষেতের পানিতে ফেলে যায়। এ তিনটি হত্যার ঘটনায় পুলিশ পৃথক হত্যামামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২০১৮ ঘ.