নারায়ণগঞ্জ, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকার আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে নারায়ণগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ২০জন আহত হয়েছে।
শনিবার সকালে আড়াইহাজার উপজেলার আগুয়ান্দি বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুয়ান্দি গ্রামের বাজারে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আগুয়ান্দি ও পাশের রায়পুরা গ্রামবাসীর বিরোধ চলছিল।
শনিবার সকাল ৮টার দিকে আগুয়ান্দি বাজারে একটি বাসে সিট নিয়ে রায়পুরা ও আগুয়ান্দি গ্রামের কয়েকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে ৯টার দিকে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুপুর ১টা পর্যন্ত সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। তাদের মধ্যে কফিলউদ্দিন, রেজাউল, সোনা মিয়া, আরজু, আবুল, শাহীন, জোনায়েদ, মহিউদ্দিন, গফুর, শিউলী, মানিক, নজরুল, হানিফ, নাছিরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, "বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জেকে/২০০৭ ঘ.
bdnews24