২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিআরপিডি রূপান্তর হলো বাংলা ইশারা ভাষায়

জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার সনদ (সিআরপিডি) বাংলাদেশে প্রথমবারের মতো বাংলা ইশারা ভাষায় রূপান্তর করেছে এসডিএসএল নামে শ্রবণ প্রতিবন্ধী নাগরিকদের একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2011, 01:22 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার সনদ (সিআরপিডি) বাংলাদেশে প্রথমবারের মতো বাংলা ইশারা ভাষায় রূপান্তর করেছে এসডিএসএল নামে শ্রবণ প্রতিবন্ধী নাগরিকদের একটি সংগঠন। শনিবার রিপোর্টার্স ইউনিটিতে এ ইশারা ভাষার সিডির মোড়ক উন্মোচন করেন জাতিসংঘ প্রতিবন্ধী নাগরিক অধিকার পরিষদের সদস্য দৃষ্টি প্রতিবন্ধী মনসুর আলী। এ সিডিটি মূলত নিরক্ষর শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহার উপযোগি করে করা হয়েছে। সিডিতে বাংলা ইশারা ভাষা উপস্থাপন করেন সোসাইটি অব দি ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্সের (এসডিএসএল) কর্মী ও বিটিভির উপস্থাপক আরাফাত সুলতানা লতা। ২০০৮ সালের ৩ মে জাতিসংঘ সিআরপিডি প্রণয়ন করে। বাংলাদেশ ২০০৯ সালে অষ্টম অনুসমর্থনকারী দেশ হিসেবে এতে স্বাক্ষর করে। অনুষ্ঠানে জাতীয় বধির সংস্থার সহ-সভাপতি ফিরোজ আহমেদ বলেন, বাংলা ইশারা ভাষায় এ সনদের রূপান্তরের ফলে শ্রবণ প্রতিবন্ধী নাগরিকদের অধিকার ও মর্যাদা সম্পর্কে সচেতনতা বাড়বে। শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বাস্তবায়নে এটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি ১ ফেব্র"য়ারিকে রাষ্ট্রীয়ভাবে ইশারা ভাষা দিবস হিসেবে পালনের দাবি জানান। শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান সিআরপিডির বাংলা ইশারা ভাষায় রূপান্তরকে যুগান্তকারী ঘটনা অভিহিত করে এটিকে প্রচারের আহ্বান জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিজঅ্যাবিলিটি রাইটস ওয়াচ গ্র"পের আহ্বায়ক গাজী রোজী, বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সহ-সভাপতি ফিরোজ আহমেদ, এসডিএসএল'র নির্বাহী পরিচালক এম আই চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিএসএল'র সভাপতি ওসমান খালেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/১৯১৫ ঘ.