নীলফামারী, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান হত্যায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার রঞ্জিত ওরফে সিও (৩৩) শহরের কাছাকাছি কামারপুকুর ইউনিয়নের দলুয়া পতিরামপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার রাতে তাকে নিজ গ্রামের একটি বাড়ির গোয়াল ঘর থেকে গ্রেপ্তার করে পুলিশ।
উপজেলার খাতামধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোখলেছুরকে বুধবার রাতে উপজেলা সদরের কাছে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর কলাবাগান এলাকায় জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।
ঘটনার রাতে একই স্থানে একটি মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনায় শরিফুল ইসলাম (৩২) ও সজির উদ্দিন (৬০) নামে দু'জনকে আটক করা হয়। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।
সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জিজ্ঞাসাবাদে রঞ্জিতের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে হত্যা মামলার আসামি করা হবে।"
তবে তিনি জানান, হত্যার ঘটনায় শনিবার পর্যন্ত মোখলেছুরের পরিবারের পক্ষে কোনো মামলা করা হয়নি। পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।
মোখলেছুরের ছেলে মাসুদ রানা পাইলট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনার পর রঞ্জিত দুই দফা মোবাইল ফোনে বাবার খোঁজখবর নিয়েছে।"
তিনি জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/পিডি/১৮৩৩ ঘ.
bdnews24