ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশন আইনের প্রস্তাবিত সংশোধনী পাস হলে প্রতিষ্ঠানটি নিরপেক্ষ থেকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা হারাবে বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানবন্ধনে অংশ নেওয়ার পর টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রস্তাবিত সংশোধনী পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি দাবি জানান।
দুদক আইনের প্রস্তাবিত সংশোধনী পুনর্বিবেচনার দাবিতে টিআইবির ডাকে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টায় পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
ইফতেখার সাংবাদিকদের বলেন, "প্রস্তাবিত আইনে সরকারি কর্মকতাদের বিরুদ্ধে মামলা দায়েরে পুর্বানুমতির কথা বলা হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে স্বাধীনভাবে সচিব নিয়োগের ক্ষমতা।"
"এ আইন পাস হলে দুদক দুর্নীতি দমন ব্যুরোর জায়গায় ফিরে যাবে। হারাবে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা। ফলে নিরপেক্ষতা বজায় রাখাও সম্ভব হবে না", বলেন তিনি।
গত ২৪ জানুয়ারি ১০টি সংশোধনীসহ দুর্নীতি দমন কমিশন (সংশোধিত) আইনের খসড়া অনুমোদন করে মন্ত্রিসভা। প্রস্তাবিত সংশোধনী আইনে সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে তদন্তের জন্য সরকারের পূর্বানুমতি নেওয়ারও বিধান রাখা হয়েছে।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুদক আইনে কিছু পরিবর্তন এনে তাদের ক্ষমতা বাড়ানো হয়। তখন দেশের শীর্ষ দুই দলের প্রধানসহ অনেক রাজনীতিকের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন এ সংস্থা।
তবে বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় যাওয়ার পর দুদক আইনে সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়। এরই এক পর্যায়ে গত বছর সংস্থার চেয়ারম্যান গোলাম রহমান বলেছিলেন, "দুদককে ক্রমেই ক্ষমতাহীন করা হচ্ছে। দুদককে দন্তহীন বাঘে পরিণত করার পর এখন তার থাবা থেকে নখগুলোও কেটে দেওয়ার প্রক্রিয়া চলছে।"
দুদক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করতে পারলে কেন সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে করতে পারবে না- এ প্রশ্ন রেখে ইফতেখার বলেন, "বিশেষ বিবেচনায় কাউকে সুবিধা দেওয়া হলে, তা হবে সংবিধান পরিপন্থী। কারণ সংবিধানে সব নাগরিককে সমান অধিকার দেওয়া হয়েছে।"
আওয়ামী নেতৃত্বাধীন সরকারের উদ্দেশে তিনি বলেন, "নির্বাচনের আগে জনগণকে দেওয়া আপনাদের অঙ্গীকার ভেঙে বর্তমান সংশোধনী পাস করলে তা হবে দেশ ও জনগণের জন্য বড় একটি দুঃসংবাদ।"
ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করে সংস্থাটিতে আরো শক্তিশালী করার কথা বলা হয়েছিলো।
ব্যক্তি ও প্রতিষ্ঠানের দুর্নীতি তদন্তে দুদককে সর্বময় ক্ষমতা দেওয়ার দাবি জানিয়ে টিআইবি নির্বাহী পরিচালক বলেন, "বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদকের বিভিন্ন কর্মকাণ্ডের কথা বলে এ প্রতিষ্ঠানটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হলে ওই সরকারের মতো একই ভুল করা হবে।"
তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুদকের কার্যক্রম নিয়ে রাজনীতিবিদরা প্রশ্ন তুলে আসছেন। ইফতেখারও বলেন, ওই সময়ে দুদক স্বাধীন না থাকায় বিতর্কিত কর্মকাণ্ড করতে হয়েছে।
দুদকের জবাবদিহির বিষয়ে টিআইবি নির্বাহী পরিচালকের পরামর্শ, বিচার বিভাগীয় একটি কমিটি বা সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের একজন করে সৎ ও দুর্নীতিমুক্ত প্রতিনিধির সমন্বয়ে গঠিত বিশেষ সংসদীয় কমিটির কাছে সংস্থাটির জবাবদিহিতা নিশ্চিত করা যেতে পারে।
দুদক কর্মকর্তাদের প্রশিক্ষণ, আয়-ব্যয়ের স্বচ্ছতা, আচরণবিধি প্রণয়নের দিকে নজর দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৩৩৫ ঘ.
bdnews24