২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বারিধারা লেক থেকে যুবকের লাশ উদ্ধার

রাজধানীর বারিধারা লেক থেকে শুক্রবার সকালে ইয়াসিন (২৭) নামে এক যুবকের অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে অপহরণের অভিযোগে সোমবার সাত জনকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2011, 11:56 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বারিধারা লেক থেকে শুক্রবার সকালে ইয়াসিন (২৭) নামে এক যুবকের অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে অপহরণের অভিযোগে সোমবার সাত জনকে গ্রেপ্তার করা হয়। ইয়াসিন নেভি সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন। তার গ্রামের বাড়ি শেরপুরের শ্রীবর্দি উপজেলার কাউনিয়া গ্রামে। গুলশান থানার ওসি কামাল উদ্দিন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইয়াসিন আইরিন নামের এক মেয়েকে মাঝে মধ্যে উত্ত্যক্ত করতো। তাকে শিক্ষা দিতে সোমবার রাত ১০টার দিকে আইরিনসহ তার ছয় বন্ধু ইয়াসিনকে বারিধারার চার নম্বর রোডের লেক পাড়ে ডেকে এনে মারধর করে। ইয়াসিন সে সময় লেকে লাফ দেয়।" অবশ্য নিহতের ভগ্নিপতি আবদুর সাত্তার সংবাদিকদের কাছে দাবি করেছেন, হত্যাকারীরা গত সোমবার ইয়াসিনকে তার কুড়িলের বাসা থেকে ডেকে এনে খুন করে গুলশান লেকে লাশ ফেলে দেয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে সোমবারই সাত জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরা হলেন- বাবু (১৮), ওমর ফরহাদ (১৮), রাকিব (১৮), সাইফুল (১৭), আইরিন আক্তার (১৯), মাহমুদা আক্তার (১৯) ও সামছুন নাহার (১৮)। এরপর ইয়াসিনের মা এশামা বেগম বুধবার গুলশান থানায় অপহরণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওসি বলেন, "মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। আসামিরা সবাই জেল হাজতে রয়েছে।" ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/এএল/জেকে/১৭৪৮ ঘ.