সাতক্ষীরা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা কালাচাঁদ সিংহ ও তার গাড়ি চালকের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার জেলার বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি দায়ের করেন উপজেলা সেটেলমেন্ট কার্যালয়ের কপিস্ট কাম বেঞ্চ সহকারী এস এম নূর মোহাম্মদ।
বিচারক তরুণ বাছাড় মামলাটি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য দেবহাটা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
এছাড়া তিনি আগামী ৮ মার্চ মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।
মামলার নথি থেকে জানা যায়, বাদী এস এম নূর মোহাম্মদ দেবহাটা উপজেলা সেটেলমেন্ট অফিসের কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে নিয়োজিত থেকে ভারপ্রাপ্ত পেশকারের দায়িত্ব পালন করছেন।
কয়েকদিন আগে ইউএনও কালাচাঁদ সিংহ বাদীকে উপজেলার সব মৌজার জরিপ কাজ সম্পন্ন হয়েছে এমন সম্পত্তির খতিয়ানসমূহের ফটোকপি সরবরাহ করতে বলেন। কিন্তু বাদী সেটেলমেন্ট অফিসারের অনুমতি ছাড়া তা দিতে অপারগতা প্রকাশ করেন।
এর জেরে গত ১৮ জানুয়ারি দুপুরে বাদীর কার্যালয়ে গিয়ে এক ও দুই নম্বর আসমি বাদীকে মারধর করেন।
এ ব্যাপারে ইউএনও কালাচাঁদ সিংহ বলেন, মামলার বাদী নূর মোহাম্মদ উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা আইনুল হকের কাছে কাগজপত্র বাবদ ঘুষ দাবি করলে আইনুল তা ইউএনওকে লিখিতভাবে জানান। এর জেরে ঘটনার দিন তাদের মধ্যে হাতাহাতি ও কথা কাটাকাটি হয়। তিনি (ইউএনও) তাদের থামাতে সেখানে যান।
এছাড়া মামলায় তার বিরুদ্ধে করা অভিযোগ সত্য নয় বলে দাবি করেন ইউএনও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২১ ঘ.
bdnews24