মুন্সীগঞ্জ, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মাণের বিরুদ্ধে ঢাকার সমাবেশমুখী জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় চার হাজারেরও বেশি মানুষের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
বুধবার রাতে মুন্সীগঞ্জের শ্রীনগর থানায় মামলা দু'টি করেন থানার উপ-পরিদর্শক মো. খালিদ ও পরিবহন শ্রমিক মাসুদ মিয়া।
মো. খালিদের মামলায় অজ্ঞাত দুই হাজার এবং মাসুদ মিয়ার মামলায় অজ্ঞাত দুই হাজার ২৬ এলাকাবাসীকে আসামি করা হয়।
বুধবার দুপুরে শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় এই সংঘর্ষের সময় একটি যাত্রীবাহী বাসে আগুন এবং ফায়ার সার্ভিসের গাড়িসহ অন্তত ২০টি যানবাহন ভাংচুর করা হয়। ভাংচুর করা হয় আশপাশের অন্তত ৩০টি বাড়ি-ঘর ও দোকান।
শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে প্রস্তাবিত বিমানবন্দর নির্মাণ না করার দাবিতে রাজধানীর মুক্তাঙ্গনে ডাকা সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় বাধা দিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
শ্রীনগর থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওয়্যারলেস সেট ছিনতাইয়ের অভিযোগে এসআই মো. খালিদ একটি মামলা দায়ের করেন।
এছাড়া ঢাকা-মাওয়া সড়কে শ্রীনগর উপজেলার ছনবাড়ি চৌরাস্তা থেকে কেয়টখালী পর্যন্ত অবরোধ করে আনন্দ পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনায় বাসটির সহকারী মাসুদ মিয়া আরো ২ হাজার ২৬ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/০০০৮ ঘ.
bdnews24