২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গা পুনরুদ্ধারে 'নদী কমিশন' গঠনের দাবি

বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধারসহ বিভিন্ন নদীর পাশে অবৈধ দখলদারদের উচ্ছেদে 'নদী কমিশন' গঠনের দাবি জানিয়েছে পরিবেশবাদীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 02:31 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধারসহ বিভিন্ন নদীর পাশে অবৈধ দখলদারদের উচ্ছেদে 'নদী কমিশন' গঠনের দাবি জানিয়েছে পরিবেশবাদীরা। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে 'বুড়িগঙ্গা পুনরুদ্ধার: কার্যক্রমের মূল্যায়ন: অগ্রাধিকার চিহ্নিতকরণ' শীর্ষক এক আলোচনা সভায় বিশেষজ্ঞরা সরকারের কাছে এ দাবি জানান। পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান বলেন, "নদীর কোন বাবা-মা নেই। এজন্য নদী রক্ষায় একটি শক্তিশালী কমিশন গঠন করতে হবে। নদী কমিশন গঠন করলে সবার মতামতের ভিত্তিতে খুব সহজেই নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করার কার্যকর উদ্যোগ নেওয়া যাবে।" নদী কমিশনের চেয়ারম্যানকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়ারও দাবি জানান তিনি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ'র (বিআইডব্লিওটিএ) চেয়ারম্যান আবদুল মালেক মিয়া বলেন, "নদীগুলোর পাশে গড়ে ওঠা অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ নিতে হবে। আমাদের সীমাবদ্ধতা সত্ত্বেও কার্যকর উদ্যোগ নিলে বুড়িগঙ্গাকে বাঁচানো সম্ভব।" বুয়েটের সাবেক উপাচার্য ড. এম এম শফিউল্লাহ নদী কমিশনে একাধিক বিশেষজ্ঞ ও পরিবেশবাদীদের প্রতিনিধি রাখার আহ্বান জানিয়ে বলেন, "কমিশনকে শক্তিশালী করে গঠন করতে হবে।" নতুন করে যেন নদী দখল না হয় সে বিষয়েও সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বুয়েটের উপ-উপাচার্য এম হাবিবুর রহমান, ইন্সটিটিউট অব প্ল্যানার্স অব বাংলাদেশের সভাপতি সারওয়ার জাহান, পবার সাধারণ সম্পাদক কামাল পাশা চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুস সোবহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান নূরজাহান সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/২০১৮