ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোরো মৌসুমে সেচসহ বিভিন্ন কারণে শহরাঞ্চলে লোডশেডিং দু'ঘণ্টা বাড়বে- জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা।
উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী জানান, বোরো মৌসুমে (ফেব্র"য়ারি-এপ্রিল) দেশে সেচের জন্য প্রায় এক হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে। প্রতিবছর ফেব্র"য়ারি থেকে এপ্রিল পর্যন্ত সেচ মৌসুমে দেশে অতিরিক্ত বিদ্যুৎ প্রয়োজন হয়।
এ বছর বোরো মৌসুমে সেচের জন্য রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হবে। গত বছর বিদ্যুৎ সরবরাহের এ সময়সূচি ছিল রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত।
এবার সেচের জন্য নতুন করে ৮০০ গভীর নলকূপে বিদ্যুৎ সরবরাহ করতে হবে বলেও জানান উপদেষ্টা।
এছাড়া সেচের জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনকে (বিএডিসি) ২১৩টি এবং পল্লী উন্নয়ন বোর্ডকে (বিআরডিবি) এক হাজার ৭০০টি নতুন সংযোগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে কথা বলছিরেন উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
স্বাভাবিক উৎপাদনে সম্ভব নয়
প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী বলেন, "নতুন বিদ্যুৎ সংযোগ, এসএসসি পরীক্ষা এবং বিশ্বকাপ ক্রিকেটের জন্য দেশে বিদ্যুতের চাহিদা বেড়ে যাবে। ফলে অন্য বছরের মতো এবারো শহর এলাকায় লোডশেডিং বাড়বে।"
স্বাভাবিক উৎপাদনে বিদ্যুতের এ চাহিদা মেটানো সম্ভব হবে না- এ কথা জানিয়ে তিনি বলেন, "তাই শহর এলাকার জনগণকে গত বছরের চেয়ে একটু বেশি কষ্ট করতে হবে।"
জুন মাস নাগাদ পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে তিনি বলেন, ওই সময় দেশে বিদ্যুতের উৎপাদন ৬০০০ মেগাওয়াটে উন্নীত হবে।
জ্বালানি উপদেষ্টা দাবি করেন, এবারই শেষবারের মতো জনগণকে সেচ মৌসুমে ভোগান্তিতে পড়তে হবে। আগামী বছর থেকে বিদ্যুৎ নিয়ে তেমন সমস্যা হবে না।
প্রায় দু'হাজার মেগাওয়াট ঘাটতি থাকবে
তৌফিক-ই-ইলাহী জানান, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
"বিদ্যুতের লোড ব্যবস্থাপনা পর্যবেক্ষণে কেন্দ্রীয় ও স্থানীয়ভাবে কমিটি গঠন করা হয়েছে।"
বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক জানান, সেচ মৌসুমে বিদ্যুতের চাহিদা বেড়ে ছয় হাজার ৭০০ মেগাওয়াটে পৌঁছাবে। এর বিপরীতে মার্চে বিদ্যুৎ উৎপাদন হবে চার হাজার ৫০০ এবং এপ্রিলে হবে ৫০০০ মেগাওয়াট।
তিনি বলেন, "ওই সময় প্রায় দুই হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থাকবে। লোড ব্যবস্থাপনার মাধ্যমে এ সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএসজেড/জেবি/পিডি/২০২৩ ঘ.
bdnews24