ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণের শক্তি দইয়ে ভেজালের অভিযোগে খাদ্য আদালতে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার যুগ্ম জেলা জজ শেখ নাজমুল আলম নোবেলজয়ী একমাত্র বাংলাদেশিকে জামিন দেন।
সকাল ১১টা ৫৫ মিনিটে আদালতে হাজির হন ইউনূস। শুনানি শেষে দুপুর সাড়ে ১২টার দিকে আদালত জামিন মঞ্জুর করে।
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে জামিন দেওয়ার পাশাপাশি ২৩ ফেব্র"য়ারি এ মামলার অভিযোগ (চার্জ) গঠনের তারিখ রেখেছে আদালত।
জামিন পাওয়ার পর ইউনূস সাংবাদিকদের বলেন, "আদালত আমার প্রতি সমন জারি করেছিলো। আমি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছি। আদালত আমার জামিন মঞ্জুর করেছে। আমি সুবিচার পেয়েছি।"
ইউরোপে পানি বাজারজাতকারী প্রতিষ্ঠান ডানোনকে অংশীদার করে গ্রামীণ ব্যাংক ২০০৬ সালে বাংলাদেশে শক্তি দই উৎপাদন শুরু করে।
ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) পরীক্ষায় শক্তি দইয়ে ভেজাল পেলে ২৭ ডিসেম্বর বিষয়টি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগকে জানানো হয়। পরবর্তী সময়ে ডিসিসি'র খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম গত ১০ জানুয়ারি এ মামলা করেন।
গ্রামীণ-ডানোন ফুডস লিমিটেড নামের এ কোম্পানিটিতে অংশীদারিত্ব রয়েছে গ্রামীণ ব্যবসাবিকাশ, গ্রামীণকল্যাণ, গ্রামীণশক্তি ও গ্রামীণ টেলিকমের।
ইউনূসের আইনজীবী সারা হোসেন সাংবাদিকদের বলেন, "শক্তি দই গ্রামীণের অঙ্গ প্রতিষ্ঠান হলেও এর সঙ্গে ড. ইউনূস সরাসরি জড়িত নন। যে মামলাটি করা হয়েছে সেটি জামিনযোগ্য মামলা। তাই আমরা জামিন আবেদন করেছি।"
এ মামলায় ইউনূসকে ব্যক্তিগত হাজিরা থেকে আদালত অব্যাহতি দিয়েছে বলেও জানান তিনি।
এ মাসেরই ১৮ তারিখে মানহানির এক মামলায় ময়মনসিংহের আদালতে হাজির হয়ে মানহানির একটি মামলায় জামিন নেন ইউনূস।
রাজনীতিবিদরা অর্থের জন্য রাজনীতি করেন- ইউনূসের এ বক্তব্যকে কেন্দ্র করে ময়মনসিংহ জেলা জাসদের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম চুন্নু ২০০৭ সালের ২১ জানুয়ারি ময়মনসিংহের আদালতে মামলাটি দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৩১৪ ঘ.
bdnews24