ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই জাতীয় সংসদের হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে।
বেলা ১১টা পর্যন্ত কোথাও গোলযোগের খবর পাওয়া যায়নি। অবশ্য ব্রাহ্মণবাড়িয়ায় কয়েকটি কেন্দ্রে এজেন্টদের বের করে দেওয়া ও ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ করেছে বিএনপি।
ক্ষমতাসীন দলের দুই সংসদ সদস্যের মৃত্যুতে নতুন জনপ্রতিনিধি নির্বাচনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, এ পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, মেড্ডা প্রাথমিক বিদ্যালয়, নাটাই প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে উপস্থিত ভোটারদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের প্রিসাইডিং অফিসার মোস্তফা হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোটারদের উপস্থিতি বাড়ছে।
অবশ্য দাতাইরসার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাসুদেব উচ্চ বিদ্যালয়, নাটাইয়ে এজেন্টদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ করেছে বিএনপি।
বিএনপি প্রার্থী খালেদ হোসেন মাহবুব অভিযোগ করেন, "চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজ কেন্দ্রে জাল ভোট দিচ্ছে আওয়ামী লীগের কর্মীরা। বাধা দেওয়া দলীয় এজেন্টকে মারধর করা হয়েছে।"
রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, "বাধা দেওয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এ ধরনের ঘটনা ঘটে থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
হবিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, নবীগঞ্জে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে কেন্দ্রগুলোতে পুরুষ ভোটার নেই বললেই চলে।
গংনজা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই কেন্দ্রে সুন্দরভাবেই ভোট চলছে। কারো কোনো প্রভাব নেই।
আওয়ামী লীগের সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুতে গত নভেম্বরে জাতীয় সংসদের হবিগঞ্জ-১ এবং লুৎফুল হাই সাচ্চুর মৃত্যুতে ব্রাক্ষণবাড়িয়া-৩ আসন দুটি শূন্য হয়। এ দুই আসনের উপ-নির্বাচনের তফসিল গত ২২ ডিসেম্বর ঘোষণা করে ইসি।
হবিগঞ্জ-১ আসনে ৩ লাখ ১ হাজার ৪৪৭জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৮২৮ এবং নারী ভোটার ১ লাখ ৫৬ হাজার ৬১৯ জন।
এই আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৭৫টি। উপ-নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগের ডা. মো. মুশফিক হুসেন চৌধুরী, বিএনপির শেখ সুজাত মিয়া, জাতীয় পার্টির (এ) মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের অ্যাডভোকেট মনমোহন দেবনাথ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলনা আব্দুল মালিক চৌধুরী ও খেলাফত মসলিসের শাইখ আব্দুল কাইয়ূম।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ৩ লাখ ১০ হাজার ২৩৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৯ হাজার ৬০০ জন এবং নারী ভোটার ১ লাখ ৬০ হাজার ৬৩৮ জন। মোট ভোট কেন্দ্র ১২৬টি।
এই উপ-নির্বাচনে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগের র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, বিএনপির মো. খালেদ হোসেন মাহবুব, জাতীয় পার্টির (এ) মো. রেজাউল ইসলা ভুইয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) মো. ইউনুস মিয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়াজুল করিম।
নবম সংসদের ফল
বিগত সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী দেওয়ান ফরিদ গাজী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ সুজাত মিয়ার চেয়ে ৭২ হাজার ৫৯২ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।
এ আসনে ফরিদ গাজী ভোট পান ১ লাখ ৫২ হাজার ৮০ এবং সুজাত মিয়া পান ৭৯ হাজার ৪৮৮ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী লুৎফুল হাই তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি'র হারুন আল রশিদ-এর চেয়ে ৭৩ হাজার ৪৬৫ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।
এ আসনে লুৎফুল হাই ভোট পান ১ লাখ ৬০ হাজার ৫২ ও হারুন আল রশিদ পান ৮৬ হাজার ৫৮৭ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১২০০ ঘ.
bdnews24