পিরোজপুর, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তে আবারো পিরোজপুরে কাজ শুরু করেছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল।
দলটি পিরোজপুর সদর উপজেলা ও জিয়ানগর উপজেলায় চতুর্থবারের মত তদন্ত শুরু করেছে বুধবার।
তিন সদস্যের তদন্ত দলের নেতৃত্ব দিচ্ছেন পুলিশের গোয়েন্দা শাখার সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) মো. হেলাল উদ্দিন।
তদন্ত দলের অন্য সদস্যরা হলেন- পরিদর্শক মো. আতাউর রহমান ও নূর হোসেন।
এএসপি হেলাল উদ্দিন সাংবাদিকদের জানান, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক সংসদ সদস্য সাঈদীর বিরুদ্ধে পিরোজপুর সদর ও জিয়ানগর থানায় করা দুটি যুদ্ধাপরাধ মামলা তদন্ত করতে তারা আবার পিরোজপুরে এসেছেন।
এর আগে তিন দফায় মাঠ পর্যায়ে তদন্ত কাজ ও মামলার সাক্ষীদের জবানবন্দি নেওয়া হয়েছে।
এই দফায় মামলার বাদি ও সাক্ষীদের আরো জবানবন্দি, অসমাপ্ত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ এবং আরো তথ্য উপাত্ত সংগ্রহ করা হবে বলে তদন্ত দল জানিয়েছে।
মুক্তিযুদ্ধের সময় সদর উপজেলার পাড়েরহাট বন্দর এবং সাঈদীর জন্মস্থান জিয়ানগর উপজেলায় হত্যা, লুন্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগে ২০০৯ সালে তার বিরুদ্ধে দুটি মামলা হয়।
একটি সদর থানায় মামলা করেন উপজেলার বাদূরা গ্রামের মানিক পশারী। জিয়ানগর থানায় মামলা করেন উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মাহাবুবুল আলম।
আদালত অবমাননার মামলায় গ্রেপ্তারের পর সাঈদীকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৩ ঘ.
bdnews24