লন্ডন, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ দিনের সরকারি সফরে বুধবার যুক্তরাজ্য পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হিথ্রো বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যের ফরেন অফিসের সাউথ এশিয়া ডিরেক্টর এন্ড্রু প্যাট্রিক ও বাংলাদেশের রাষ্ট্রদূত ড. সাইদুর রহমান খান। এছাড়া শেখ রেহানাসহ যুক্তরাজ্য আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
লন্ডনের স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী সেখানে পৌঁছান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান যুক্তরাজ্য ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সেখানে তিনি হোটেল হিলটনে অবস্থান করবেন।
বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের সময় তার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে ব্রিটিশ সরকারের ক্রসপার্টি এমপি ও রাজনীতিবিদদের কাছ থেকে তিনি যে সহযোগিতা পেয়েছিলেন সেজন্য তিনি কৃতজ্ঞ।"
বুধবারই হাউজ অব কমন্সের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর। সফরে শেখ হাসিনা অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে বিশ্ব শান্তি বিষয়ে ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হোটেলের আশপাশে জড়ো হন।
বুধবার ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার জন বারকোর কাছ থেকে শেখ হাসিনা গ্লোবাল ডাইভার্সিটি অ্যাওয়ার্ড নেবেন। পার্লামেন্টে দিনব্যাপী তার কর্মসূচী রয়েছে। দুপুরে তিনি পার্লামেন্টে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বেও উপস্থিত থাকবেন।
এ ছাড়া একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ হোম সেক্রেটারি টেরেসা মে, ডিএফআইডি মন্ত্রী এলান ডানকান এমপি এবং এনার্জি ও ক্লাইমেট চেঞ্জ বিষয়ক মন্ত্রী ক্রিস্টিয়ান হাহনের সঙ্গে পৃথক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ বিষয়ক সর্বদলীয় পার্লামেন্টারি গ্র"পের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
বিরোধী দল লেবার পার্টির নেতা এড মিলিবান্ডও পার্লামেন্টে শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন।
সন্ধ্যায় পার্লামেন্টের স্পীকার জন বারকো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে এক অভ্যর্থনার আয়োজন করেছে। স্পীকার শেখ হাসিনার হাতে গ্লোবাল ডাইভারসিটি অ্যাওয়ার্ড হস্তান্তর করবেন।
২৮ জানুয়ারি যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে দলের সভানেত্রীর। ৩০ জানুয়ারি তিনি দেশে ফিরবেন।
মঙ্গলবার রাত ৯টা ৩৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তিন বাহিনীর প্রধান, ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএস/এমইউএস/পিডি/১৭১৪ ঘ.
bdnews24