শরীয়তপুর, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শরীয়তপুরের একটি গ্রামে আগুন লেগে ২৭টি বসতঘর পুড়ে গেছে। আগুনে পুড়ে মরেছে ১০টি গরু।
আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত ২৫ জন।
সোমবার রাতে সদর উপজেলার বড়সন্ধি শৌলা গ্রামে এই অগ্নিকাণ্ড হয় বলে স্থানীয়রা জানিয়েছে।
১৭টি পরিবার খোলা আকাশের নিচে থাকলেও প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, তারা আগুন লাগার বিষয়টি জানেন না।
বড়সন্ধি শৌলা গ্রামের বাসিন্দা গফুর কোতোয়াল সাংবাদিকদের জানান, গ্রামের ইসলাম কোতোয়ালের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে।
এতে ইসলাম কোতোয়ালের চারটি, তার (গফুর) চারটি, জব্বার কোতোয়ালের চারটি, সাত্তার বেপারীর দুটি, জাহাঙ্গীর বেপারীর চারটি, আয়নাল বেপারীর দুটি, সালাম বেপারীর দুটি, মনির বেপারীর দুটি, সালাম কোতোয়ালের একটি, আবুল কোতোয়ালের একটি, দিলু বেপারীর একটি বসতঘর পুড়ে গেছে।
এ সময় গোয়ালে থাকা ১০টি গরুও পুড়ে মারা গেছে।
গফুর জানান, প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
আহতদের মধ্যে আছেন- হান্নান বেপারী (২০), আলাল বেপারী (২২), সূর্যবান বিবি (৪০), গোলাপজান (৪৫), মর্জিনা (৫০), এলেমান বিবি (৪৫), মিথিলা (১৫), আয়েশা (১৮), সজিব (২৫), কহিনুর (৩৫), মোকসেদা (২২), কাকলী (২০), শারমীন (১৫), পারুল (৪৫)।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত জব্বার কোতোয়াল বলেন, আগুনে তার সব পুড়ে গেছে।
শরীয়তপুরের ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সোহরাব উদ্দিন সাংবাদিকদের বলেন, আগুন লাগার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর বেপারী জানান, যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় শরীয়তপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসতে পারেনি।
ক্ষতিগ্রস্তদের মধ্যে স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি নগদ টাকা ও শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম আবদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগুন লাগার ব্যাপারে আমরা কিছুই জানি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৮ ঘ.
bdnews24