২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের বিরুদ্ধে এসিআই'র মামলা

নারায়ণগঞ্জে শ্রমিক ও পুলিশের সংঘর্ষের ঘটনায় এসিআই কর্তৃপক্ষ একটি মামলা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 12:41 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জে শ্রমিক ও পুলিশের সংঘর্ষের ঘটনায় এসিআই কর্তৃপক্ষ একটি মামলা করেছে। সোমবার রাতে করা এই মামলায় ৩৩ শ্রমিকের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩-৪শ' জনকে আসামি করা হয়েছে। এর আগে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বাদি হয়ে দুটি মামলা করেছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কেউ মামলা করতে আসেনি বলে পুলিশ জানিয়েছে। রোববারের সংঘর্ষের ঘটনায় এসিআই কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করেছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি এস এম বদরুল আলম সাংবাদিকদের জানান, এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) আওলাদ হোসেন বাদি হয়ে মামলা করেছেন। বাদি অভিযোগ করেছেন, গত কয়েকদিন যাবত শ্রমিকেরা অন্যায় দাবি করে আসছিলো। কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নেওয়ায় রোববার শ্রমিকেরা পরিকল্পিতভাবে কারখানায় হামলা ও ভাংচুর চালায়। কারখানার মহাব্যবস্থাপক (জিএম) ইশতিয়াক আহম্মেদকে মারধর করে। এসময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষকালে কারখানার প্রতিটি ফ্লোর, আসবাবপত্র, মেশিনারিজ, কাঁচামালসহ বিভিন্ন জিনিস ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। এতে কারখানার প্রায় ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে, শ্রমিক হত্যার বিচার, হতাহতদের ক্ষতিপূরণ, সিদ্ধিরগঞ্জ থানার ওসি এস এম বদরুল আলমের অপসারণ ও গ্রেপ্তারকৃত বাসদকর্মী কাশেমের মুক্তির দাবিতে মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জে সমাবেশ হয়েছে। শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় আলী আহম্মদ চুনকা পৌর পাঠাগারের সামনে সমাবেশ করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখা। দলের জেলা সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ টেক্্রটাইল গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নেতা মাহবুবুর রহমান ইসমাইল, অসিত বরণ বিশ্বাস, আবু নাঈম খান বিপ্লব, মামুদ হোসেন, সেলিম মাহমুদ ও জাহাঙ্গীর আলম প্রমুখ। পরে ২ নম্বর রেলগেইট এলাকা থেকে বের হয়ে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে । চাকরি স্থায়ীকরণ ও মজুরি বাড়ানো ও শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে রোববার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ গোদনাইল পানিরকল এলাকায় অবস্থিত এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে এনামুল হক নামের এক শ্রমিক নিহত হন। গুলিবিদ্ধ ১৫ জনসহ আহত হয় কমপক্ষে শতাধিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪১ ঘ.