ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে পৃথক দুর্ঘটনায় পুলিশ সদস্য ও শিশুসহ পাঁচ জন নিহত হয়েছে।
এর মধ্যে সোমবার রাত সাড়ে সাতটার দিকে পল্টন থানা এলাকায় হোয়াইট হাউজ কমিউনিটি সেন্টারের সামনে প্রাইভেট কারের ধাক্কায় নিহত হন আব্দুল কুদ্দুস (৪০)।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কর্তব্যরত পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক তাহেরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আব্দুল কুদ্দুস সিআইডিতে কর্মরত পুলিশের একজন উপপরিদর্শক ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।
এছাড়া রামপুরা থানার পূর্ব রামপুরায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে তাওহিদ হাওলাদার (৫) নামে এক শিশু নিহত হয়। এ সময় আহত হয় মারুফ (৬) নামে আরেক শিশু।
তাওহিদের বাবা ইস্রাফিল সাংবাদিকদের বলেন, সকাল সাড়ে ১০টার দিকে গলিতে খেলার সময় ৪৩/২/২ হোল্ডিংয়ের নির্মাণাধীন ভবন থেকে তিনটি ইট তাওহিদ ও মারুফের মাথায় পড়ে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকৎসক তাওহিদকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে পূর্ব মণিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহরাব (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সকাল সাড়ে আটটার দিকে মিরপুর গোলচক্কর এলাকায় বাসের ধাক্কায় এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়। মিরপুর থানার উপপরিদর্শক অনিমেষ চন্দ্র সরকার জানান, ওই শিক্ষকের নাম মাহবুবুল হক ইমন (৪২)। ।
এর আগে ভোরে কল্যাণপুরে সাইকেল চালানোর সময় বাসের ধাক্কায় নিহত হন বাবুল মিয়া (২৬)। বাবুল একমি ল্যাবরেটরিজের গাড়িচালক ছিলেন বলে তার ভগ্নিপতি লুৎফুজ্জামান নিশ্চিত করেছেন।
ঢামেক ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনটি লাশ মর্গে রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/এইচএ/২২৩০ ঘ.
bdnews24