২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব পদে রদবদল

প্রশাসনের দুইজন অতিরিক্ত সচিব ও ১৮ যুগ্ম-সচিবসহ ২৫ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 03:10 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের দুইজন অতিরিক্ত সচিব ও ১৮ যুগ্ম-সচিবসহ ২৫ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। সোমবার সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। দুই অতিরিক্ত সচিবের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মো. আলী মোস্তফা চৌধুরীকে সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক ও সুকৃতি রঞ্জণ চাকমাকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে। যুগ্ম-সচিবদের মধ্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কৌশল্যা রাণী বাগচীকে ভূমি মন্ত্রণালয়ে ও ভূমি মন্ত্রণালয়ের মোহাম্মদ আলী খানকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্ম-সচিব পদে বদলি করা হয়। ওএসডি যুগ্ম-সচিবদের মধ্যে এটিএম মোস্তাফিজুর রহমানকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে, তপন কুমার চক্রবর্তী ও মজিবর রহমানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে এবং কামরুন নাহার আহমেদ ও নাসির আরিফ মাহমুদকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে পদায়ন করা হয়েছে। ওএসডি যুগ্ম-সচিব কাজী আবু সাঈদকে ফরিদপুরে বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক, কায়কোবাদ হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, আবু সাঈদ মো. খুরশিদুল আলমকে শ্রম পরিদপ্তরের পরিচালক এবং মোহাম্মদ জুলহাসকে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও কর্মসংস্থান কর্মসূচির সেল প্রধান পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। সাভার লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) এমডিএস বেগম পরাগকে 'এস্টাবলিসমেন্ট অব ফ্যাশন ডিজাইন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড বেসিক সেন্টার ফর দি ডেভেলপমেন্ট অব হ্যান্ডলুম ফ্যাব্রিক্স' প্রকল্পের প্রকল্প পরিচালক এবং ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের পরিচালক শাহীন আহমেদ চৌধুরী ও ওএসডি যুগ্ম-সচিব এসএম মফিদুল ইসলামকে সাভার বিপিএটিসির এমডিএস পদে প্রেষণে নিয়োগ করা হয়। অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সুভাশিস বোসকে বেসরকারি ইপিজেড এর নির্বাহী সেলের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ইউসুফ আলী, ভিক্ষা-বৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও কর্মসংস্থান কর্মসূচির সেল প্রধান ইকবাল হোসেন এবং সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্ম-সচিব মোরশেদ আলমকে সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি যুগ্ম-সচিব করা হয়। উপসচিবদের মধ্যে ওএসডি এএসএম জাকির হোসেনকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়েছে। এছাড়া ওএসডি বদিয়ার রহমান বিএমইটিতে দায়িত্ব পালনের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এবং এবিএম বদিউজ্জামান ও রেজাউল করিমকে বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। 'এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন অব চিলড্রেন' প্রকল্পের প্রকল্প পরিচালক ড. নমিতা হালদারকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২১০৬ ঘ.