ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লক্ষ্মীপুরে দুটি ঘটনায় দুজন খুন হয়েছে।
কুড়িগ্রাম, নওগাঁ ও নাটোরে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
শনি ও রোববার এসব ঘটনা ঘটেছে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিরা।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার চরমনসা গ্রামে হামলায় আহত নূর মোহাম্মদ নামের এক ব্যক্তি রোববার সকালে মারা গেছেন।
লক্ষ্মীপুর সদর থানার এসআই নুরনবী জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে রেহান উদ্দিন ভূঁইয়া শনিবার বিকালে নূর মোহাম্মদকে পিটিয়ে জখম করে।
সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর রোববার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা হয়েছে বলে এসআই জানান।
রামগঞ্জ থানার এসআই বেলায়েত হোসেন জানান, উপজেলা চর করপাড়া গ্রামে শনিবার বিকালে মরিচের চারা নিয়ে বিতর্কের এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় বিল্লাল হোসেন নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।
তিনি জানান, পুলিশ ফয়সাল নামে একজনকে গ্রেপ্তার করেছে।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, সদর উপজেলার বাহারের চর এলাকায় ধরলা নদীতীর থেকে ষষ্ঠ শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
নিহত ছাত্রটি হলো- একই উপজেলার উত্তর কদম তলা গ্রামের তৈয়ব আলীর ছেলে কফিল উদ্দিন (১৪)।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কফিল উদ্দিন সাংবাদিকদের জানান, গত সোমবার সন্ধ্যায় পাশ্ববর্তী শুলকুর বাজারে মোবাইল ফোনে চার্জ দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় কফিল। এরপর তাকে আর খোঁজে যাওয়া যায়নি।
ওসি তাহারুল ইসলাম জানান, নৃশংস এ হত্যাকাণ্ড কি কারণে ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, কফিলের কাছ থেকে মোবাইল ফোনসেটটি ছিনতাই করে নেওয়ার জন্য তাকে খুন করা হয়েছে।
নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁর মহাদেবপুরে একটি চালকলের ডোবা থেকে আম্বিয়া (৬৫) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
আম্বিয়া মহাদেবপুর সদরের চকদেবপাড়া মহল্লার কোমর উদ্দিনের স্ত্রী।
মহাদেবপুর থানার ওসি নুর ইসলাম জানান, উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ হোসেনপুর গ্রামে ব্রাদার্স চালকলের ডোবায় লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
আম্বিয়া ১২ দিন ধরে নিখোঁজ ছিলেন। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি জানান।
নাটোর প্রতিনিধি জানান, রোববার নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নাটোর-বগুড়া মহাসড়ক থেকে অজ্ঞাত এক ব্যক্তির ছিন্ন বিচ্ছিন্ন লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।
নাটোর থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন ঘটনার সতত্যা স্বীকার করে বলেন, নিহত ব্যক্তির লাশ দেখে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শনিবার রাতের কোনো এক সময় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৪৮ ঘ.
bdnews24