২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারদিন ধরে বিদ্যুতবিহীন গাইবান্ধা বিসিক

বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হওয়ায় গাইবান্ধা ক্ষুদ্র ও কুটির শিল্পনগরীর (বিসিক) কারখানাগুলোতে চারদিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 04:51 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

গাইবান্ধা, ২৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হওয়ায় গাইবান্ধা ক্ষুদ্র ও কুটির শিল্পনগরীর (বিসিক) কারখানাগুলোতে চারদিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে। শেষ পর্যন্ত বিক্ষুব্ধ শিল্প মালিকরা রোববার রাস্তায় নেমে আসেন। তারা দুপুরে মিছিল নিয়ে শহর ঘুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারিনটেনডেন্টকে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে তারা বিদ্যুৎ সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। গত ২০ জানুয়ারি ভোরে ২০/২৫ জনের একটি দল ট্রাকে করে গাইবান্ধা শহরের ধানঘড়ায় অবস্থিত বিসিক শিল্পনগরীর দুটি ট্রান্সফরমার খুলে নিয়ে যায়। গাইবান্ধা বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক সমজিত কুমার সাংবাদিকদের জানান, চোরেরা কর্তব্যরত নৈশপ্রহরী জহুরুল ইসলাম ও নিদান চন্দ্রকে অস্ত্র ঠেকিয়ে হাত-পা বেঁধে ফেলে। এরপর ২০০ কেভির দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার লুট করে। তারা দুই নৈশ প্রহরীকে তাদের ট্রাকে তুলে নিয়ে যায় এবং বিসিকের অদূরে তুলসীঘাট হেলিপ্যাডের কাছে তাদের দু'জনকে ট্রাক থেকে ফেলে দেয়। তিনি জানান, বিসিক শিল্পনগরীতে মেলামাইন, চালকল, তেল, মশলা, চারকোল ও প্লাষ্টিক পাইপ উৎপাদনকারি প্রতিষ্ঠানসহ ১৪টি কারখানা রয়েছে। রোববার বিদ্যুৎ সরবরাহের দাবিতে স্মারকলিপি দেওয়ার পর জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে সমাবেশে করে শিল্প মালিক সমিতি। এতে বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক সমজিত কুমার, শিল্প মালিক মমতাজ আলী, এ বি সিদ্দিক, আনোয়ার হোসেন প্রমুখ। সমাবেশে তারা অভিযোগ করেন, বিসিক কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের উদাসীনতায় শিল্প নগরীর সম্পদ প্রায়ই চুরি ও ডাকাতি হচ্ছে। উৎপাদিত পণ্য রক্ষণাবেক্ষণ কঠিন হয়ে পড়েছে। এখানে কোটি কোটি টাকার সম্পদ রয়েছে। কিন্তু সরকারিভাবে কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই। তারা দাবি করেন, বিষয়গুলো জানানো হলেও নগরীতে নিয়মিত পুলিশ টহলের ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে শিল্প মালিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পাশাপাশি নতুন শিল্প উদ্যোক্তারা এখানে শিল্প কারখানা স্থাপনে নিরুৎসাহিত হচ্ছেন। নিরাপত্তার অভাব থাকায় বিসিক-এ সব প্লট এখনও বরাদ্দ হয়নি। শিল্প মালিকরা দাবি করেন, চারদিন ধরে বিদ্যুৎ না থাকলেও কর্তৃপক্ষ কোন উদ্যোগ নিচ্ছেন না। ফলে চারদিনে তারা প্রায় ২০ লাখ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন। গাইবান্ধা সদর থানার ওসি আকবর হোসেন বলেন, ট্রান্সফরমার দুটির ভেতরের মূল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে খোলস দুটি সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় ফেলে রেখে গেছে চোরেরা। শনিবার ট্রান্সফরমার দুটির খোলস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গাইবান্ধা সদর উপজেলা তুলসীঘাট গ্রামের ময়নুল ইসলাম ও আব্দুর রউফ নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার আদালতে আবেদন জানানো হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ আলী জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৯ ঘ.