২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নিজেই

অস্ত্র দিয়ে যুবদল নেতাকে ফাঁসাতে গিয়ে র‌্যাবের হাতে আটক হয়েছেন এক আওয়ামী লীগকর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 04:21 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

বরিশাল, জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র দিয়ে যুবদল নেতাকে ফাঁসাতে গিয়ে র‌্যাবের হাতে আটক হয়েছেন এক আওয়ামী লীগকর্মী। বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন ইল্লা গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে। র‌্যাব জানিয়েছে, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন যুবদল সভাপতি হুমায়ুন কবির সরদারের রান্নাঘরে আগ্নেয়াস্ত্র রেখে র‌্যাব-৮ কার্যালয় খবর দেয় আওয়ামী লীগকর্মী ফারুক মৃধা (৪৫)। পরে রাত আড়াইটার দিকে তার দেখিয়ে দেওয়া স্থানে ব্যাগে মোড়ানো অবস্থায় একটি দেশি শাটারগান উদ্ধার করা হয়। তবে সন্দেহ হওয়ায় র‌্যাব ফারুককে জিজ্ঞাসাবাদ করে। ফারুক স্বীকার করেন তিনি হুমায়ুনকে ফাঁসানোর জন্যই এই ঘটনা ঘটিয়েছেন। র‌্যাব-৮ এর ১নম্বর কোম্পানির অধিনায়ক মেজর রাশেদুল হক খান সাংবাদিকদের বলেন, "ফারুক রাতে মোট চার বার আমাদের ফোন করে পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে যেতে অনুরোধ করেন। বার বার ফোন করায় ওই সময়ই আমাদের সন্দেহ হয়েছিলো।" ফারুককে গৌরনদী থানায় সোপর্দ করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। স্থানীয়রা জানান, যুবদল সভাপতি হুমায়ুন কবির সরদারের সঙ্গে আওয়ামী লীগ কর্মী ফারুকের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএসবি/২২১৬ ঘ.