২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিক্ষায় নামানোর অভিযোগে গ্রেপ্তার, ৬ শিশু উদ্ধার

জোর করে ভিক্ষাবৃত্তিতে নামানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খুলনা নগর পুলিশ। এ সময় ছয় শিশুকেও উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 01:48 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

খুলনা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জোর করে ভিক্ষাবৃত্তিতে নামানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খুলনা নগর পুলিশ। এ সময় ছয় শিশুকেও উদ্ধার করা হয়। রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নিরালা পুরাতন কাঁচাবাজার এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় খুলনা সদর থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার করা শিশুরা হলো- মো. মিন্টু শেখ, মো. সাগর, শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম, রাব্বি মিয়া ও মানিক মিয়া। এরা সবাই খালিশপুরের বাস্তহারা এলাকার বাসিন্দা। এদের বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে। নিরালা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিরালা পুরাতন কাঁচা বাজার এলাকায় একটি ভ্যানে মাইক লাগিয়ে শরীফ শেখ (৩৫) নামে এক অন্ধ ব্যক্তিকে সামনে রেখে ছয় শিশু ভিক্ষা করছিলো। অপরাজেয়-বাংলাদেশ- এর শিশু অধিকার বিষয়ক প্রকল্প 'সংযোগ'র খুলনার উপদেষ্টা কমিটির সদস্যদের নজরে পড়ে শিশুরা। তাদের জিজ্ঞাসাবাদে শিশুরা জানায়, তাদের জোর করে ভিক্ষা করানো হচ্ছে। বিষয়টি নিরালা পুলিশ ফাঁড়িকে জানানো পর পুলিশ ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত করার অভিযোগে হানিফ সরদার (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এসআই মোর্শেদ জানান, উদ্ধার করা শিশুদের মুচলেকার মাধ্যমে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯৪২ ঘ.