বাগেরহাট, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বাগেরহাটের একটি আদালত।
সেইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মাহফুজা বেগম এই রায় দেন।
দণ্ডিত ব্যক্তি হলেন- শাহিদুল শেখ (২০)। তার বাড়ি মোড়েলগঞ্জ উপজেরার পশ্চিম সরালিয়া গ্রামে।
রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ২৩ এপ্রিল সকালে শাহিদুল প্রতিবেশী ওই বাকপ্রতিবন্ধী শিশুটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে।
ওইদিন রাতেই শিশুটির মা বাদি হয়ে মোড়েলগঞ্জ থানায় শাহিদুলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
মোড়েলগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মারুফ হোসেন তদন্ত শেষে ওই বছরের ১৯ মে শাহিদুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি সিদ্দিকুর রহমান। আসামিপক্ষে ছিলেন ডাকুয়া মুনসুর আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৮ ঘ.
bdnews24