২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাবতলীতে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

রাজধানীর গাবতলীর বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 10:24 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গাবতলীর বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। দারুস সালাম থানার উপ-পরিদর্শক(এসআই) মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার সকাল সাড়ে ১০ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।" তিনি জানান, দুই ব্যক্তি বস্তাটি সুমন নামের এক চালকের রিকশায় তুলে সামনে এগিয়ে যেতে বলে। পিছনে তারা না আসায় সুমন বাস কাউন্টারের সামনে রিকশা দাঁড় করিয়ে মালিকের খোঁজ করেন। কিন্তু তাদের না পেয়ে আশেপাশের লোকজন পুলিশে খবর দেয়। পরে বস্তা খুলে একটি বালতির মধ্যে কালো চাদর ও কম্বল পেঁচানো লাশটি পাওয় যায়। মেহেদী হাসান জানান, ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিল গাঢ় নীল ফুল হাতা গেঞ্জি। শরীরের নিচের অংশে কোনো পোশাক ছিল না। ছুরি মেরে ও গলা কেটে ওই যুবককে হত্যা করা হয়েছে বলে জানান তিনি। পুলিশের ধারণা, শনিবার রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় রিকশা চালক সুমনকে আটক করা হয়েছে। দারুস সালাম থানার ওসি আবদুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বস্তায় লাশের সঙ্গে একটি মনিব্যাগ পাওয়া যায়। তাতে কোনো টাকা না থাকলেও একটি কাগজ ও গুলশান থানার একটি প্রতারণা মামলার হুলিয়া পাওয়া গেছে। কাগজে লেখা রয়েছে- নাম কামরুল হাসান (৩৫), বাবা আবদুর সাত্তার, গ্রাম মহদ্দির পাড়, থানা কচুয়া, জেলা চাঁদপুর।" হুলিয়ায় কামরুল হাসানের নাম রয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, "নিহত ব্যক্তি কামরুল হাসান হয়ে থাকলে তিনি একজন আদম ব্যবসায়ী।" ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/জেকে/১৬২৪ ঘ.