ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে ইন্দিরা রোডে মা-ছেলেকে খুন করা হয় বলে ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তিন জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শনিবার রাতে রাজধানীর ইস্কাটন ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে সুজন (১৮), মানিক (১৮) ও আজিম (১৯) নামে ওই তিনজনকে গ্রেপ্তার করে।
পুলিশ বলছে, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে সুজন এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। তাকে সহযোগিতা করে মানিক ও আজিম।
উপ-পুলিশ কমিশনার (উত্তর) মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, "টাকার লেনদেন নিয়ে বিরোধের জের ধরেই মিল্টন ও তার মাকে হত্যা করা হয়।"
গত ৯ জানুয়ারি ইন্দিরা রোডের ১৬/এফ বাড়ির নিচতলার একটি ফ্লাট থেকে মা ভার্জিনিয়া রোজারিও ও ছেলে মিল্টন রোজারিওর মৃতদেহ উদ্ধার করে শেরেবাংলা নগর থানা পুলিশ।
সুজন ইস্কাটনের একটি গ্যারেজের শ্রমিক। মটর সাইকেল মেরামতের সূত্র ধরে তার সঙ্গে মিল্টনের পরিচয় বলে সুজন ডিবি কার্যালয়ে সাংবাদিকদের জানায়।
তিনি বলেন, "মটর সাইকেল দুর্ঘটনার কারণে মিল্টনকে বাসা থেকে বের করে দেওয়া হলে সে আমার সঙ্গে কয়েক মাস ছিলো। এ সময় বড় বোনের বিরুদ্ধে মামলা করার কথা বলে সে আমার কাছ থেকে ১ লাখ ৬৫ হাজার টাকা নেয়।"
সুজন জানায়, ওই টাকা না দিয়ে মিল্টন উল্টো ফ্লাট বিক্রি করে ৩২ লাখ টাকা নিয়ে ডেনমার্ক যাওয়ার প্রস্তুতি নেওয়ার খবর শুনে ৯ জানুয়ারি তাদের বাড়িতে যান।
"সকাল ৯টার দিকে আমরা মিল্টনের বাসায় গিয়ে টাকা ফেরত চাই। এ সময় মিল্টনের মা চিৎকার করলে মানিক তার গলায় কাপড় পেঁচিয়ে ধরে। এরপর মিল্টনের হাত-পা বেঁধে ও মুখে স্কচটেপ পেঁচিয়ে টাকা চাই। এক পর্যায়ে মিল্টনের মা মারা গেলে ভয়ে মিল্টনকেও দা দিয়ে কুপিয়ে মেরে ফেলি", বলেন সুজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএ/এমআই/১৫২৫ ঘ.
bdnews24