২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তীব্র শীতে ৫০০ খামারের মাছ মরেছে

তীব্র শীতে বগুড়ার আদমদীঘি উপজেলায় পাঁচ শতাধিক খামারের মাছ মরে গেছে। এতে অন্তত ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে খামারিরা দাবি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 03:42 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

বগুড়া, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তীব্র শীতে বগুড়ার আদমদীঘি উপজেলায় পাঁচ শতাধিক খামারের মাছ মরে গেছে। এতে অন্তত ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে খামারিরা দাবি করেন। স্থানীয়রা জানায়, গত ১৫দিন ধরে শীতের তীব্রতা বাড়তে থাকায় উপজেলার বিভিন্ন হ্যাচারি, পুকুর ও জলাশয়ের জীবিত মাছ ভেসে উঠতে শুরু করে। গত এক সপ্তাহে এসব মাছ মরতে শুরু করে। দু'দিন ধরে মৃত্যু ব্যাপক আকার ধারণ করে। এখনো তা অব্যাহত রয়েছে। মাছের মৃত্যু ঠেকাতে হ্যাচারি, পুকুর ও জলাশয়ের পানি পরিবর্তন করে তাপ মাত্রা নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে মৎস্য বিভাগ। উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রতন কুমার কুণ্ডু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শীতজনিত রোগ বা কোল্ড স্ট্রোকে বিদেশি জাতের পাঙ্গাস, কৈ, মাগুর ও তেলাপিয়া মাছ মরে যাচ্ছে।" তিনি জানান, তাপমাত্রা বেড়ে গেলে মাছের মৃত্যু কমে যাবে। মৎস্য চাষিদের পুকুরের পানি পরিবর্তন করে তাপমাত্রা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এই এলাকায় ছয় হাজার মৎস্য চাষি আছে বলে তিনি জানান। এসব মাছ খেলে অসুস্থ হওয়ার সম্ভবনা নেই বলে জানান এই মৎস্য কর্মকর্তা। "তবে পচে যাওয়া মাছ খেলে রোগের সম্ভবনা রয়েছে," বলেন তিনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা না হলেও তা কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে তিনি ধারণা করছেন। মাছ চাষিরা জানায়, মড়া মাছগুলো মাটিতে গর্ত খুড়ে পুঁতে রাখা হচ্ছে। পাঙ্গাস জাতের মাছগুলো বেশি মরছে। দেশি জাতের কোনো মাছ মরার খবর পাওয়া যায়নি। তাদের ক্ষতির পরিমাণ অন্তত ১০ কোটি টাকা বলে দাবি করেন। হ্যাচারি মালিক ও মাছ চাষি বেলাল হোসেন সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপজেলার প্রায় পাঁচ শতাধিক মাছ চাষি কম-বেশি ক্ষতির শিকার হয়েছেন।" কালাইকুড়ি গ্রামের জি এম অ্যাকোয়া মৎস্য খামারের ব্যবস্থাপক আব্দুল মহিত তালুকদার বলেন, "আমার খামারের প্রায় ৭০ মেট্টিক টন পাঙ্গাস মাছ মরে গেছে।" তিনি জানান, এ গ্রামের ক্ষুদ্র মাছ চাষি আবুল কালাম আজাদের সাত লাখ টাকার ও আবুল বাশার তালুকদার টুলুর পাঁচ লাখ টাকার মাছ মরে গেছে। সরদার মৎস্য খামারের ব্যবস্থাপক বেলাল হোসেন বলেন, "এই খামারে পাঙ্গাস ও কৈ মিলিয়ে ৬০ মেট্টিক টনেরও বেশি মাছ মারা গেছে। ক্ষতির পরিমাণ অর্ধ কোটি টাকার বেশি।" এছাড়া হ্যাচারি মালিক ও মাছ চাষি রফি আহমেদ, মাছ চাষি আকতারুজ্জামান মিঠু ব্যাপক ক্ষতির শিকার হন বলে দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২১৩৭ ঘ.