নড়াইল, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল পৌরসভায় এক ওয়ার্ড কাউন্সিলরের বাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগ ও তার ভাইকে হাতুড়িপেটা করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দুপুর ১২টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ও বিএনপি নেতা তেলায়েত হোসেনের বাড়িতে নির্বাচনী প্রতিপক্ষ এ হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন।
তবে পুলিশ জানিয়েছে, জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে এ হামলার ঘটনা ঘটে।
কাউন্সিলর তেলায়েত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পৌর নির্বাচনে পরাজিত প্রার্থী মাহবুবের লোকজন আমার বাড়িতে ভাংচুর করে ও একটি ঘরে আগুন ধরিয়ে দেয়।"
তিনি জানান, এ সময় বাধা দিলে তার ভাই হেমায়েত হোসেনকে (৪৫) হাতুড়ি দিয়ে পেটানো হয়। তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ১৩ জানুয়ারি নড়াইল পৌরসভা নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচিত হন তেলায়েত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত মাহবুব।
হামলার অভিযোগ বিষয়ে মাহবুবের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
নড়াইল সদর ওসি আলমগীর শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জমিজমা নিয়ে বিরোধের কারণে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৬৫০ ঘ.
bdnews24