২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁকে বাঁকে মৃত্যুফাঁদ

নরসিংদীর ইটাখোলা এলাকায় ১৫ জানুয়ারি এক সড়ক দুর্ঘটনায় ১০ পুলিশ সদস্যের মৃত্যু হয়। ঘন ঘন বাঁকের কারণে ওই সড়কের ৪টি পয়েন্ট অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ। সায়েদুল ইসলাম তালাতের দুই পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2011, 05:56 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

সায়েদুল ইসলাম তালাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধনুকের মতো বাঁক নিয়ে নরসিংদী শহর ও ঢাকার দিকে চলে গেছে ন্যাশনাল হাইওয়ে-২ (ঢাকা-সিলেট মহাসড়ক)। এই বাঁকের মাঝামাঝি স্থানে রাস্তার দুই পাশে বড় বড় গাছ। মোড়ের ঠিক ওপাশ থেকে কোন গাড়ি আসছে কি না, এ পাশ থেকে তা বোঝার উপায় নেই। এই রাস্তায় কিছুদুর পর পর বাঁক থাকলেও আগে বা পরে কোনো সতর্কতামূলক 'রোডসাইন' নেই। নরসিংদীর শিবপুর থানার ইটাখোলার কাছে ঘাসেরহাট এলাকায় এরকম একটি বাঁকেই ১৫ জানুয়ারি সকালে দুর্ঘটনায় পড়ে পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়ি। মৃত্যু হয় ১০ পুলিশ সদস্যের। দুর্ঘটনার ছয়দিন পরেও কালো পিচের ওপর জমাট রক্তের চিহ্ন স্পষ্ট। পাশে গাড়ির কাচের টুকরো টুকরো অংশ। হাইওয়ে পুলিশের ইটাখোলা ফাঁড়ির উপ-পরিদর্শক মো. নান্নু মিয়া জানালেন, তাদের ফাঁড়ির আওতা সদর থানার পুরিন্দাবাদ থেকে শুরু করে রায়পুরা থানার মাহমুদাবাদ সেতু পর্যন্ত। নরসিংদী জেলার পুরো হাইওয়ের দায়িত্বে রয়েছেন এই ফাঁড়ির সদস্যরা। এই দীর্ঘ সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ফাঁড়িতে দু'জন কর্মকর্তাসহ ২৩ জন পুলিশ সদস্য থাকলেও পিকআপ ভ্যান রয়েছে মাত্র একটি। এছাড়া মটরসাইকেল আছে দুটি । সেদিন সেই দুর্ঘটনার সময় ওই বাঁকে রাস্তার পাশেই দাঁড়িয়ে ছিলেন ঢাকার একটি পোশাক কারখানার কর্মী আতিকুল ইসলাম (১৭)। আতিকের ভাষায়, "ইটাখোলা যেতে একটি সিএনজির জন্যে আমি রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। একটি সিএনজি (অটোরিক্স) আমার সামনে এসে থামে। পুলিশের গাড়িটা ছিল ঠিক তার পেছনে।" তিনি জানান, পুলিশের গাড়িটি সিএনজিকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর হৈ চৈ শুনে সড়কে উঠে আসেন পাশ্ববর্তী বাড়ির বাসিন্দা হাজী আবুল কাশেম। তিনি ও আরো কয়েকজন মিলে গাড়ির ভেতর থেকে আহত ও নিহত পুলিশ সদস্যদের বের করে আনেন। রাস্তার গাড়ি থামিয়ে কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়। উপ-পরিদর্শক মো. নান্নু মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়েই তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। কিন্তু তার আগেই পালিয়ে যায় ট্রাকের চালক। নান্নু মিয়া বলেন, তাদের দায়িত্বের আওতাধীন ৫৫ কিলোমিটার সড়কে ৪টি পয়েন্ট দুর্ঘটনাপ্রবণ। এসব পয়েন্টে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ জানিয়ে তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুই দফা চিঠি দিলেও সমস্যার সুরাহা হয়নি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইন্সটিটিউট (এআরআই) দেশের দশটি মহাসড়কে ২১৯টি ঝুঁকিপূর্ণ স্থানের যে তালিকা করেছে তার মধ্যে ইটাখোলা সংলগ্ন সড়ক একটি। এআরআই'র হিসাবে, ১৯৯৮ থেকে ২০০৭ পর্যন্ত ইটাখোলার ওই আধা কিলোমিটার রাস্তায় কমপক্ষে ১২টি বড় দুর্ঘটনা ঘটেছে। এআরআই সাবেক পরিচালক অধ্যাপক ড. শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "পত্রিকার সংবাদ ও পুলিশের পরিসংখ্যান থেকে আমরা এসব হিসাব বের করেছি। কিন্তু খুব বড় না হলে সব দুর্ঘটনার সংবাদ তো আর পত্রিকায় প্রকাশিত হয় না। বাস্তবে এসব স্থানে দুর্ঘটনার হার আরো বেশি হবে।" এ কথার সত্যতা পাওয়া গেলে ইটাখোলার বাসিন্দাদের বক্তব্যে। ওই সড়কে প্রতিসপ্তাহে কয়েকটি দুর্ঘটনা ঘটে বলে জানালেন স্থানীয়রা। দুর্ঘটনাস্থলের পাশের একটি বাড়ির বাসিন্দা রোকেয়া আক্তার বলেন, "পুলিশ মরার পরে আপনারা রোজ রোজ আসেন। বার বার এক্সিডেন্টে পুরা ইটাখোলার মানুষ মইরা গেল, আপনারাতো একদিনও আসেন নাই।" শুক্রবার সকালে একই মহাসড়কে নরসিংদী সদর থানার চৈতাব এলাকায় ট্রাক ও হিউম্যান হলারের সংঘর্ষে মারা গেছেন তিন জন। এছাড়া চারজন আহত হয়েছেন। ঈদুল আযহার একসপ্তাহ আগে শিবপুর থানার কুন্দারপাড়ায় বাস ও হিউম্যান হলার মুখোমুখি দুর্ঘটনায় মারা যান হলারের ৭ আরোহী। হাইওয়ে পুলিশ সুপারিনডেন্ট (পূর্বাঞ্চল) আনোয়ার কামাল বলেন, "ইটাখোলার সামনের সড়কে কয়েক কিলোমিটারের মধ্যে দুর্ঘটনার হার বেশি। রাস্তার বাঁকগুলোতে অতিরিক্ত গাছপালা থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই বিপরীত দিক থেকে আসা যানবাহন সম্পর্কে ধারণা পাওয়া যায় না। রাস্তার মাঝে ডিভাইডার নেই। গুরুত্বপূর্ণ এ সড়কের দুপাশে কোনো রোডসাইন পর্যন্ত নেই। চালকদেরও অবহেলা রয়েছে। "দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্যে আমরা পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ মন্ত্রণালয়, সড়ক ও জনপদ বিভাগে চিঠি পাঠিয়েছি। কয়েক দফা তালিকা পাঠানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।" এ মহাসড়কের বাস, ট্রাক ও হিউম্যান হলার চালকরা বললেন, সড়কের পাশে রোডসাইন, রাস্তার মাঝে ডিভাইডার আর রোড সাইন (র‌্যাম্বল) বসানো হলে দুর্ঘটনার হার কমে আসবে। ১৫ জানুয়ারির দুর্ঘটনার পর পুলিশের পক্ষ থেকে একটি তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির সদস্য সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী হেলালউদ্দিন বলেন, "প্রাথমিক তদন্তের পর আমাদের ধারণা হয়েছে- ট্রাক চালকের অসতর্কতার কারণেই ওই দুর্ঘটনা ঘটে।" প্রতিবেদন দেওয়ার সময় আরো ৮ দিন বাড়ানোর অনুরোধ করা হবে বলে জানান তিনি। রাস্তায় র‌্যাম্বল বা রোড সাইন না থাকা প্রসঙ্গে তিনি বলেন, "এটি করার দায়িত্ব আসলে সড়ক ও জনপথ বিভাগের। আমরা আগেও বিভিন্ন সময়ে তাদের বলেছি। তদন্ত কমিটির সুপারিশমালাতেও এ বিষয়গুলো থাকবে।" ওই দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্যে পুলিশের কল্যাণ তহবিল থেকে ৫০ হাজার করে টাকা দেওয়া হয়েছে। তবে কর্তব্যরত অবস্থায় দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্যদের জন্যে এককালীন ক্ষতিপূরণ বা বীমার কোনো ব্যবস্থা নেই বলে পুলিশ কর্মকর্তারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/২৩৪৬ ঘ.