ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাশরাফি বিন মর্তুজাকে বিশ্বকাপ ক্রিকেট দলে অন্তর্ভুক্ত করার দাবিতে নড়াইলে মানববন্ধন হয়েছে। মাশরাফির জন্মস্থানে এক দিন আগে একই দাবিতে হরতালও হয়।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় নড়াইল শহরের আদালত সড়কে মানববন্ধন কর্মসূচিতে হাজার খানেক মানুষ অংশ নেয়।
একই দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় একটি সংগঠন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নড়াইল প্রতিনিধি জানান, 'লাল সবুজের পতাকায় মাশরাফিকে দলে চাই', 'মাশরাফিবিহীন বিশ্বকাপ চাই না', 'মাশরাফিকে দলে ফিরিয়ে আনতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি' -এ রকম ব্যানার-ফেস্টুন বহন করে কর্মসূচিতে অংশ নেওয়া নড়াইলবাসী।
ঘণ্টাব্যাপী মানবন্ধনের পর সমাবেশে বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবীর, নজরুল ইসলাম, শরীফ মুনির হোসেন, সাংবাদিক কার্ত্তিক দাস, কাজী হাফিজুর রহমান, মলয় কুণ্ডু প্রমুখ।
সমাবেশে শনিবার সকাল ১১টায় জেলা শহরের চৌরাস্তায় প্রতীক অনশন কর্মসূচি ঘোষণা করা হয়।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফিকে চোটের কারণ দেখিয়ে বিশ্বকাপ দলে রাখেননি নির্বাচকরা। ফলে বাংলাদেশে অনুষ্ঠেয় বিশ্ব ক্রিকেটের জমকালো আসরে তার দেখা না যাওয়ার সম্ভাবনা বেশি; যদিও বলা হয়েছে, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে বিশ্বকাপে মাশরাফির খেলার সম্ভাবনা রয়েছে।
তবে এ পেসারকে দলে রাখার দাবি জানিয়ে নড়াইলবাসী বিভিন্ন কর্মসূচি পালন করছে। বৃহস্পতিবার জেলায় অর্ধদিবস হরতাল স্বতস্ফূর্তভাবে পালিত হয়।
বরিশাল প্রতিনিধি জানান, নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শহীদ আলমগীর ছাত্রাবাসের সামনে শুক্রবার স্থানীয় সংগঠন বটতলা তরুন সংঘের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বকাপে বাংলাদেশ দলে মাশরাফির বিন মর্তুজার মতো অভিজ্ঞ খেলোয়াড়ের কোনো বিকল্প নেই।
বিশ্বকাপে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে মাঠ কাঁপাবে মাশরাফি- এটাই দেখতে চায় দেশের মানুষ।
বক্তব্য রাখেন- তরুণ সংঘের সদস্য হাবিবুর রহমান তুষার, মীর হাসান মোর্শেদ সুমন, লিটন খান, ইমরান হাসান, মানসুরুল ইসলাম, রবিউল ইসলাম সোহাগ, জিয়াউল হক প্রিন্স প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএসবি/২২০৩ ঘ.
bdnews24