২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্পিত সম্পত্তি বিল প্রত্যাখ্যান, কঠোর কর্মসূচির হুমকি

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিল-২০১০ আবারো প্রত্যাখ্যান করলো বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2011, 01:57 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিল-২০১০ আবারো প্রত্যাখ্যান করলো বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ। জাতীয় ঐকমত্যের সাত দফার আলোকে ২০০১ সালে প্রণীত আইনটি বাস্তবায়নের দাবি জানিয়েছে পরিষদ। শুক্রবার জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে সরকারের কাছে এ দাবি জানানো হয়। একই দাবিতে ঐক্য পরিষদ আগামী ১৮ ফেব্র"য়ারি মুক্তাঙ্গনে মহাসমাবেশ করবে। এছাড়া রাষ্ট্রপতি ও স্পিকারকে স্মারকলিপিও দেবে তারা। এর আগে গত ২২ ডিসেম্বর ঐক্য পরিষদ সংবাদ সম্মেলন করে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিল-২০১০ প্রত্যাখান করে। গত ১৮ সেপ্টেম্বর জাতীয় কনভেনশনের মাধ্যমে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ জাতীয় ঐকমত্যের সাত দফা চূড়ান্ত করে। গত ৭ ডিসেম্বর জাতীয় সংসদে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিল-২০১০ উত্থাপিত হয়। এই বিলটি আইন হিসাবে কার্যকর হওয়ার সাত মাসের (২১০ দিন) মধ্যে ফেরত দেওয়া যায় সেরকম অর্পিত সম্পত্তির জেলাওয়ারি তালিকা সরকারি গেজেট আকারে প্রকাশ করা হবে। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিল-২০১০ আইন হিসাবে কার্যকর হলে বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দারা বেদখল হয়ে যাওয়া ও সরকারের কাছে থাকা অর্পিত সম্পত্তি ফেরত পাবেন। মানবন্ধন চলাকালে এক সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী, সংসদ উপনেতা, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে ঐক্য পরিষদ একাধিক সভা করে এই বিলে তাদের সাত দফা অন্তর্ভুক্তির দাবি জানায়। প্রধানমন্ত্রী এ ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ গ্রহণেরও আশ্বাস দেন। কিন্তু সাত দফার আলোকে সংসদে নতুন বিল উত্থাপন না করে 'আমলা নির্ভর' একটি বিল উত্থাপিত হয়েছে, যা সংবিধান, মানবতা ও জনস্বার্থ বিরোধী। বিলটি আইন হিসেবে কার্যকর হলে ধর্মীয় সংখ্যালঘুরা আরো 'জটিল ও অনিশ্চিত' পরিস্থিতির মধ্যে পড়বে বলে দাবি করেন পরিষদ নেতারা। তারা জাতীয় ঐকমত্যের সিদ্ধান্তের আলোকে ২০০১ সালের অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের দাবিদার হিসেবে স্থিত মূল মালিকের উত্তরাধিকারের পাশাপাশি সহ-অংশীদার এবং শরীকদারের বিধান সংযুক্ত করে ওই আইনটি বাস্তবায়নের দাবি জানান। এছাড়া নতুন আইনে অর্পিত সম্পত্তির সংজ্ঞা পুনর্নিধারণ, ১৯৭৪ সালের সেন্সর তালিকা অনুযায়ী অর্পিত সম্পত্তির তালিকা গেজেট আকারে প্রকাশ, জেলা পর্যায়ে ট্রাইব্যুনাল গঠন করে মামলা নিষ্পত্তি, মূল আইনে 'বিক্রয়' শব্দের স্থলে 'প্রতীকী মূল্য' শব্দাবলী প্রতিস্থাপন করারও দাবি জানানো হয়। উত্থাপিত বিলটি বাতিল করে সাত দফার আলোকে নতুন বিল আসন্ন সংসদ অধিবেশনে উত্থাপন না করা হলে ১৮ ফেব্র"য়ারির মহাসমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন নেতারা। সমাবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য সুব্রত চৌধুরী, পদ্মাবতী দেবী, পিসি গুহ, সাংগঠনিক সম্পাদক কিশোর রঞ্জন মণ্ডল, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সুধীর রঞ্জন বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/১৯৪৫ ঘ.