গোপালগঞ্জ, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কাশিয়ানীতে টাকা লেনদেনকে কেন্দ্র করে এক নারীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার দুপুর ১টার দিকে আমেনা বেগম (৫১) নামে ওই নারীর লাশ ফলসী গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। তার দু'কান ছেড়া ছিলো।
কাশিয়ানী থানার ওসি সৈয়দ আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্বৃত্তরা আমেনাকে হত্যার পর কান ছিড়ে দুল ছিনিয়ে নিয়েছে।
টাকা লেনদেনের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছেন তিনি।
নিহত আমেনা ফলসী গ্রামের রতন ফকিরের স্ত্রী।
আমেনার বড় ছেলে হাবিব ফকির জানান, তার মা প্রতিবেশী মামুন মোল্লা, তার ভাই আল-আমিন ও তাদের লোকজনদের প্রায় ৩ লাখ টাকা সুদে ধার দেয়। তারা আসল এবং সুদের টাকা দিতে গড়িমসি করে আসছিলো।
টাকা আদায় করার জন্য আমেনা পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন। এ নিয়ে কাশিয়ানী থানা পুলিশ দু'পক্ষকে ডেকে জিজ্ঞাসাবাদ করে বলে হাবিব জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে মামুন মোল্লা মোবাইলে ফোন করে টাকা ফেরৎ দেওয়ার কথা বলে আমেনাকে ডেকে নিয়ে যায়।
শুক্রবার সকাল ৯টার দিকে মামুনের চাচা মন্টু মোল্লার পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৬১৩ ঘ.
bdnews24