২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাবান্ধা দিয়ে পূর্ণাঙ্গ বাণিজ্য শনিবার শুরু

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য কার্যক্রম শনিবার উদ্বোধন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 03:00 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

পঞ্চগড়, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য কার্যক্রম শনিবার উদ্বোধন করা হবে। একই সময়ে সীমান্তের ওপাড়ে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি স্থলবন্দরেও এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান হবে। দিনাজপুর কাস্টমস অ্যান্ড ভ্যাট শাখার সহকারী কমিশনার মো. আলাউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাণিজ্য কার্যক্রম শুরুর সব প্রস্তুতি শেষের দিকে। পূর্ণাঙ্গভাবে বাণিজ্য কার্যক্রম শুরু হলে এখান থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয়ের সম্ভাবনা রয়েছে।" ১৯৯৭ সালের ১ সেপ্টেম্বর তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়। এ বন্দর দিয়ে শুধুমাত্র বাংলাদেশ ও নেপালের মধ্যে সীমিত আকারে বাণিজ্য কার্যক্রম রয়েছে। জেলা প্রশাসক (ডিসি) বনমামালী ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরি বাংলাবান্ধা স্থলবন্দরে দ্বিপাক্ষিক বাণিজ্য কার্যক্রমের উদ্বোধন করবেন। এ সময় উপস্থিত থাকবেন- জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। একই সময়ে সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি স্থলবন্দরে এই কার্যক্রম উদ্বোধন করবেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জী। এতে পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য, ভারতীয় হাইকমিশনার রাজীত মিত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। পঞ্চগড়ের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেলের রাজস্ব কর্মকর্তা আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এদিন বাংলাদেশ থেকে সুতা রপ্তানি এবং ভারত থেকে পাথর আমদানি করার কথা রয়েছে। পণ্যবাহী ট্রাকগুলো সরাসরি দুই দেশের স্থলবন্দরের গুদামে প্রবেশ করবে।" এ সংক্রান্ত ট্রানজিট পাসের একটি চুক্তি গত বছর ২৩ অক্টোবর বাংলাদেশের রাজস্ব বোর্ড ও ভারতের শুল্ক বিভাগের মধ্যে স্বাক্ষরিত হয়। এ বিষয়ে পশ্চিমবঙ্গের ফেডারেশন অব এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সাধারণ সম্পাদক তপন দাসের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাবান্ধা ও ফুলবাড়ি দিয়ে বাণিজ্য কার্যক্রম শুরুর মাধ্যমে উভয় দেশের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবিটি পূরণ হতে যাচ্ছে।" বাংলাদেশের অন্যান্য বন্দরগুলোর মতো শুধু ভারত নয় অদূর ভবিষ্যতে এই বন্দর দিয়ে ভুটান ও চীনের সঙ্গেও বাণিজ্য হওয়ার সুযোগ ও সম্ভাবনা আছে বলেও জানান তিনি। পঞ্চগড়ের আমদানি-রপ্তানিকারক মেহেদী হাসান বাবলা শিঁলিগুড়ি থেকে মোবাইল ফোনে জানান, বাণিজ্য কার্যক্রম শুরুর লক্ষ্যে ফুলবাড়িতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হয়েছে। চলছে ব্যাপক প্রস্তুতি। পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি ইকবাল কায়সার মিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নেপালের পর ভারত এ বন্দর ব্যবহারে এগিয়ে আসায় ব্যবসা-বাণিজ্যের সুযোগ আরো প্রসারিত হবে।" তিনি বলেন, ভারত ও বাংলাদেশের সঙ্গে ভৌগলিকভাবে কাছাকাছি অবস্থানে থাকা ভুটান ও চীনকে বাংলাবান্ধা বন্দর ব্যবহারে সম্পৃক্ত করা গেলে এটি দেশের সর্ববৃহৎ স্থলবন্দরে পরিণত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২০৫২ ঘ.