বান্দরবান, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবান বোমাং সার্কেলের ঐতিহ্যবাহী রাজপূণ্যাহ উৎসব বৃহস্পতিবার শুরু হয়েছে।
এ উৎসব চলবে সাতদিন।
বোমাং সার্কেলের প্রধান বা বোমাং রাজার বাড়ির সামনে প্রজাদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে খাজনা আদায়কে রাজপূণ্যাহ বলা হয়ে থাকে।
প্রজাদের কাছ থেকে বার্ষিক ফসল ও ভূমি কর আদায় উপলক্ষে হয় এই অনুষ্ঠান।
বোমাং রাজা হলেন আদিবাসী মারমা সম্প্রদায়ের। মারমা ভাষায় রাজপূণ্যাহকে 'পইংজ্রা' বলা হয়।
এ বছর আয়োজিত রাজপূণ্যাহ উৎসব বোমাং সার্কেলের ১৩৫তম উৎসব। ১৫তম বোমাং রাজা অংশৈপ্র" চৌধুরীর এটি ১৩তম রাজপূণ্যাহ।
সকাল ১০টার দিকে বান্দরবান শহরের কেন্দ্রস্থলে রাজবাড়ির সামনের মাঠে রাজপূণ্যাহ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
সকাল সাড়ে ১০টায় ৯৬ বছর বয়সী বোমাং রাজা অংশৈপ্র" চৌধুরী রাজকীয় পোশাকে রাজছত্র নিয়ে বাড়ি থেকে থেকে প্রায় তিনশ' গজ পায়ে হেঁটে উৎসব মঞ্চে আসেন।
এসময় পথের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তরুণ-তরুণীরা ফুলের পাপড়ি ছিটিয়ে রাজাকে স্বাগত জানায়।
রাজার সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপারিনটেনডেন্ট কামরুল আহসান, সেনাবাহিনীর বান্দরবান সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রশীদ প্রমুখ।
অতিথিদের বক্তব্যের পর দুপুর সাড়ে ১২টায় রাজা বক্তব্য রাখেন।
তিনি বলেন, দীর্ঘ ১৩৫ বছরের ঐতিহ্যের অংশ হিসেবে এখনো বান্দরবানে বোমাং সার্কেলের প্রধানতম উৎসব রাজপূণ্যাহ আয়োজন করা হয়।
তিনি বলেন, আগের সেই জৌলুস নেই, নেই রাজার ক্ষমতাও। তবুও সার্কেলে ঐক্যের প্রতীক হিসেবে রাজপূণ্যাহ উৎসব করা হয়। এটি সার্কেলের সকল মানুষের মিলন মেলা।
এরপর আনুষ্ঠানিকভাবে রাজাকে প্রতীকী খাজনা প্রদান করেন হেডম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ৩১৪ নম্বর সুয়ালক মৌজার হেডম্যান মংথোয়াইচিং।
তারপর পর্যায়ক্রমে অন্য হেডম্যানরা খাজনা ও বিভিন্ন উপঢৌকন দেন রাজাকে।
এ সময় আমন্ত্রিত অতিথিদের সম্মানে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
রাজপূণ্যাহ উপলক্ষে রাজ বাড়িতে বৃহস্পতিবার রাতে জেলার সরকারি-বেসরকারি উর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে নৈশভোজের আয়োজন রয়েছে।
পরের দিন শুক্রবার হেডম্যান ও কারবারীদের সম্মানেও রয়েছে ভোজের আয়োজন।
রাজপূণ্যাহ উপলক্ষে আয়োজিত মেলা চলবে সাতদিন ধরে। এতে পুতুল নাচ, যাত্রাপালা, সার্কাস, নাগরদোলাসহ বিনোদনের বিভিন্ন আয়োজনের পাশাপাশি রয়েছে লোকজ, কৃষিজ, তৈষজসহ নিত্য পণ্যের পসরা।
বোমাং রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্য উচপ্র" চৌধুরী জানান, ১৮৭৬ সালে আনুষ্ঠানিকভাবে বোমাং সার্কেলে রাজপূণ্যাহ উৎসব শুরু হয়। সেই থেকে প্রতি বছর ইংরেজি নতুন বছরের জানুয়ারি অথবা ফেব্র"য়ারি মাসে রাজপূণ্যাহ উৎসব আয়োজন করা হয়।
বান্দরবান জেলার ৯৫টি মৌজা এবং রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ের ৯টি ও রাজস্থলীর ৫টি মৌজা নিয়ে বোমাং সার্কেল গঠিত। সার্কেলের মৌজা প্রধানকে হেডম্যান এবং পাড়া প্রধানকে কারবারী বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৯ ঘ.
bdnews24