ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে উপ-নির্বাচনে ভোট কারচুপির আশঙ্কা করছে বিএনপি।
বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় এক সমাবেশে দলটির যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "সরকার উপ-নির্বাচনে জেলা প্রশাসনকে তাদের পক্ষে কাজে লাগিয়ে কারচুপির নির্বাচন করার অপচেষ্টা করছে।"
আগামী ২৭ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া ৩ ও হবিগঞ্জ ১ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
এছাড়া এক ভোটারের আবেদনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় নির্বাচনের একদিন আগে গত ১৭ জানুয়ারি তা স্থগিত করে আদালত।
এ বিষয়ে ফখরুল বলেন, "বিএনপির বিজয় নিশ্চিত জেনেই তারা ষড়যন্ত্র করে পৌরসভা নির্বাচনের এক দিন আগে মামলা দিয়ে নির্বাচন স্থগিত করেছে।"
দুপুরে শহরের মৌলভীপাড়ায় জেলা বিএনপির কর্মী সমাবেশে বক্তব্য দেন মির্জা ফখরুল।
তিন আরো বলেন, দেশের গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত করছে বর্তমান সরকার।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হারুন আল রশীদের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭১৮ ঘ.
bdnews24