২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় প্রেসক্লাব বিদ্যুৎবিচ্ছিন্ন

নতুন কমিটি নিয়ে টানাপোড়েনের পর আইনি লড়াইয়ের মধ্যে জাতীয় প্রেসক্লাবের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 06:30 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন কমিটি নিয়ে টানাপোড়েনের পর আইনি লড়াইয়ের মধ্যে জাতীয় প্রেসক্লাবের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। বকেয়া পরিশোধ না করার কারণ দেখিয়ে বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। ভোর ৬টার দিকে বিদ্যুৎ বিভাগের একদল কর্মচারী এসে কাউকে কিছু না জানিয়ে সংযোগ কেটে দেয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন প্রেসক্লাবের কর্মচারী রফিক আহমেদ। ডিপিডিসি'র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বকেয়া বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।'' বিদ্যুৎ বিভাগের এ তৎপরতায় ক্ষোভ প্রকাশ করে ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক পদে বিজয়ী সৈয়দ আবদাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমান কমিটি নিয়ে একটি মামলা বিচারাধীন। এ বিষয়টি আমরা ডিপিডিসিকে জানিয়েছি। অথচ তারা পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত হয়ে হঠাৎ করে না জানিয়ে জাতীয় প্রেসক্লাবের মতো একটি জাতীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এটা দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়।" বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে প্রেসক্লাব সংলগ্ন অগ্রণী ব্যাংকেও বিদ্যুৎ সংযোগ নেই বলে ব্যাংকের কর্মকর্তারা জানান। জাতীয় প্রেসক্লাবের কাছে গত বছরের নভেম্বর মাস পর্যন্ত ডিপিডিসির বকেয়ার পরিমাণ ১ কোটি ৭ লাখ ৩৩ হাজার ১৬৮ টাকা। এর মধ্যে বিল বাবদ ৬৪ লাখ ৮ হাজার ১৫৯ টাকা এবং সারচার্জ হচ্ছে ৪৩ লাখ ২৫ হাজার ৯ টাকা। এ বকেয়া বিল ১৯ জানুয়ারির মধ্যে পরিশোধ করার জন্য ডিপিডিসি সময়সীমা বেঁধে গত ৯ জানুয়ারি চিঠি দেয় জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদককে। সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সবুজ গত ১৭ নভেম্বর এক চিঠিতে দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধ করতে সাবচার্জ মওকুফ, বিলের হার পরিবর্তন ও কিস্তিতে বিল পরিশোধ করার জন্য ডিপিডিসিকে অনুরোধ জানান। সে অনুযায়ী ২০০৮ সালের ১১ জুন বকেয়া বিলের অংশ হিসেবে ৩ লাখ টাকা পরিশোধের কথাও ওই চিঠিতে উল্লেখ করা হয়। গত ৩১ ডিসেম্বরে জাতীয় প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচনে কামালউদ্দিন সবুজ-সৈয়দ আবদাল আহমেদ পরিষদ ১৭টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩টিতে জয়লাভ করে। নির্বাচনে কারচুপির অভিযোগে ফল প্রত্যাখ্যান করে পরাজিত গোলাম সারওয়ার-সাইফুল আলম প্যানেল। তাদের এক আবেদনে গত বুধবার জাতীয় প্রেসক্লাবের নির্বাচন নিয়ে চলমান মামলা ৩১ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে আদেশ দেয় সুপ্রিম কোর্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৪৪৫ ঘ.