২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিপরিষদে যাচ্ছে নদী কমিশন আইনের খসড়া

জাতীয় নদী রক্ষা কমিশনকে স্বাধীন সংস্থা হিসেবে স্বীকৃতি দিয়ে প্রস্তাবিত এ আইনের খসড়া শিগগিরই উঠছে মন্ত্রিপরিষদে। মহসীনুল করিমের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 04:14 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নদী রক্ষা কমিশন আইন-২০১১ এর খসড়া তৈরি হয়েছে। প্রস্তাবিত আইনে কমিশনকে একটি স্বাধীন সংস্থা হিসেবে স্বীকৃতি দিতে বলেছে খসড়া প্রণয়ন কমিটি। শিল্প-কারখানার বর্জ্য ফেলাসহ বিভিন্ন উপায়ে নদী ও নদীর পরিবেশ দূষণ, অবৈধভাবে নদী দখল, অবকাঠামো নির্মাণ ও বিভিন্ন অনিয়ম ঠেকাতে দেড় মাস আগে এ আইন তৈরির কাজ শুরু হয়। খসড়া প্রণয়ন কমিটির আহ্বায়ক এবং নৌ-মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ আলাউদ্দিন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নদী রক্ষা টাস্কফোর্স ও নৌ-মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে যাচাই এবং আইন মন্ত্রণালয়ের মতামতের পর খসড়াটিকে আগামী সপ্তাহের মধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।" মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেলেই আইনটি পাসের জন্য সংসদে পাঠানো হতে পারে বলেও জানান তিনি। মোহাম্মদ আলাউদ্দিনের নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতিনিধিরা এ কমিটিতে ছিলেন। প্রস্তাবিত আইনের খসড়ায় বলা হয়েছে, কমিশনে একজন চেয়ারম্যানসহ অনধিক ছয়জন সদস্য থাকবেন। সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন কমিশনের চেয়ারম্যান ও একজন সদস্য। অন্য সদস্যরা হবেন অবৈতনিক। কমিশনের সদস্যদের মধ্যে একজন নদী বা পানি বিশেষজ্ঞ, একজন পরিবেশ বিশেষজ্ঞ এবং একজন নারী সদস্য রাখারও প্রস্তাব করা হয়েছে। খসড়ায় কমিশনের কাজের পরিধি হিসেবে উল্লেখ করা হয়েছে, নদী সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় বা বিভাগের মধ্যে সমন্বয়, নদী দখলমুক্ত ও তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ, নদীর পানি দূষণমুক্ত, বিলুপ্ত ও মৃতপ্রায় নদী খনন, নদীর উন্নয়ন ও গবেষণা, নদী সংক্রান্ত তথ্য ভান্তারের উন্নয়ন, পরিবেশগত ভারসাম্য ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা। প্রতি বছরের ৩১ মার্চের মধ্যে আগের বছরের কার্যক্রম সম্পর্কে কমিশন রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন দেবে। এ ছাড়া জাতীয় নদী রক্ষা কমিশন তহবিল নামে সরকারের দেওয়া অনুদানে একটি তহবিল গঠন করার সুপারিশও করা হয়েছে খসড়ায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এমআই/১০১০ ঘ.