মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌর নির্বাচনে প্রার্থীদের সমর্থন দেওয়াকে তৃণমূল পর্যায়ে বড় দলগুলোর সংগঠিত হওয়ার কৌশল হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তবে তারা মনে করেন, 'বিদ্রোহীদের' কারণে তাদের এই কৌশল ভেস্তে গেছে।
এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলেছেন, দলগুলোর আকস্মিক সমর্থন ঘোষণা 'বিদ্রোহের' ঘটনা ঘটেছে। যাদের অনেককেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। এতে তাদের নির্বাচনকেন্দ্রিক দল গোছানোর কৌশল কার্যকর হয়নি।
নির্বাচনের ফল শুধু সংখ্যায় বিবেচনা না করে প্রাপ্ত ভোটের হার হিসেবে নিলে দলগুলোর অবস্থান নির্ণয় সহজ হবে বলে মনে করছেন তারা।
এছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপক্ষে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন ও সরকারের সদিচ্ছাকে কৃতিত্ব দিলেও শেষ দিনে একটি অঞ্চলে গোলযোগের জন্য রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণু মনোভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
তারা মনে করেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এবং নির্বাচিত সরকারের তত্ত্বাবধানে সুষ্ঠু নির্বাচন সম্ভব হলেও আগামীতে সম্ভব হবে কি না- তা বলার সময় এখনো আসেনি।
স্থানীয় সরকারের পৌরসভা স্তরে কাঠামোগত পরিবর্তন এনে দলভিত্তিক নির্বাচন করার পদক্ষেপ নেওয়ার পক্ষেও মত দেন তারা।
অধুনালুপ্ত স্থানীয় সরকার কমিশনের সদস্য অধ্যাপক তোফায়েল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাঠের সাংগঠনিক কার্যক্রম গোছাতেই দলগুলো এ নির্বাচনকে দলীয়ভাবে নিয়েছে। কিন্তু নিজেদের না গুছিয়ে দলীয় নির্বাচনের ঘোষণা দেওয়ায় বিদ্রোহী প্রার্থী হওয়ার প্রবণতা বেশি দেখা গেছে।"
দলভিত্তিক নির্বাচন করার বিষয়ে বড় দুই দলের সমালোচনা করে তিনি বলেন, "সরকারি দলের মাঠ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম কম থাকে; অনেক জায়গায় স্থবির হয়ে পড়ে। বিরোধী দলেও অগোছালো অবস্থা। এক্ষেত্রে প্রধান দুই দল মাঠে নিজেদেরকে শৃঙ্খলায় আনতেই দলভিত্তিক নির্বাচনের ঘোষণা দেয় বলে মনে হয়।"
দল না গুছিয়ে দলীয়ভাবে নির্বাচনের ঘোষণায় তৃণমূলে দলীয় শৃঙ্খলা নষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তোফায়েল।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২৪২টি পৌরসভার নির্বাচন শেষ হয়েছে মঙ্গলবার। গত ১২ জানুয়ারি থেকে চার দফায় সাত বিভাগে ভোট নেওয়া হয়।
এগুলোর মধ্যে ২৩৫টি ফল পাওয়া গেছে। এতে বিরোধী দল বিএনপি সমর্থিত প্রার্থীরা ৯৩টিতে মেয়র হয়েছে। আওয়ামী লীগ সমর্থিতরা পেয়েছেন ৮৮টি। 'বিদ্রোহীদের' মধ্যে আওয়ামী লীগের ২০ জন এবং বিএনপির নয়জন মেয়র নির্বাচিত হয়েছেন।
আরো ১৪টির নির্বাচন হবে ২৭ জানুয়ারি।
প্রধান দুই দলের পরই 'বিদ্রোহী' প্রার্থীরা বেশি পৌরসভায় মেয়র হয়েছেন।
এছাড়া প্রধান দুটি রাজনৈতিক জোটের শরিক দলগুলোর মধ্যে সমঝোতা দেখা যায়নি। রংপুর বিভাগে ক্ষমতাসীনদের পিছিয়ে পড়ার কারণ হিসেবে অনেকেই মনে করেন জাতীয় পার্টির (এরশাদ) সঙ্গে তাদের বোঝাপড়ার ঘাটতি ছিলো।
রংপুর অঞ্চলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল জাতীয় পার্টি সমর্থিত দুজন প্রাথী মেয়র নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বিএনপির চারদলীয় জোটের শরিক জামায়াত জিতেছেন পাঁচটিতে।
এই চারটি দলের বাইরে একমাত্র দল হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সমর্থিত একজন মেয়র হয়েছেন।
এর পরিপ্রেক্ষিতে তোফায়েল আহমেদ মনে করেন, স্থানীয় পর্যায়ে নিজেদের গুছাতে একক প্রার্থী চূড়ান্ত করতে না পেরে 'বিদ্রোহীদের উত্থানে' দলগুলোর অবস্থা হয়েছে বুমেরাং।
স্থানীয় সরকার পর্যায়ের পৌর নির্বাচনে দলগতভাবে অংশগ্রহণে বিধি-নিষেধ থাকলেও দলগতভাবে নির্বাচন করার প্রথম ঘোষণা দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ।
এরপর একক প্রার্থীকে সমর্থন দেয় দলটি। প্রথমদিকে প্রধান বিরোধী দল এ ঘোষণাকে 'নির্বাচনী আইন পরিপন্থী' বলে অভিহিত করলেও শেষ পর্যন্ত তারাও একক প্রার্থীকে সমর্থন জানায়।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলছেন, "প্রথমবারের মতো প্রার্থীদেরকে দলীয়ভাবে সমর্থন দেওয়ায় এবারের পৌর নির্বাচনের তাৎপর্য রয়েছে। এক্ষেত্রে কতটি পৌরসভায় প্রার্থী জিতেছে তা বিবেচনা না করে কত শতাংশ ভোট পেয়েছে তা-ই বড় দুই দলকে ভাবতে হবে।"
জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনের ভোটেও রাজনৈতিক বিষয়টি প্রতিফলিত হয় বলে মনে করেন সাবেক এই উপদেষ্টা।
দলীয়ভাবে এ নির্বাচনে অংশ নেওয়ায় ক্ষমতাসীন ও বিরোধীদলের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া গেছে বলে মনে করছেন সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।
তিনি বলেন, "এ নির্বাচন ক্ষমতাসীনদের জন্য 'ওয়েকআপ কল', বিরোধী দলের জন্য উৎসাহব্যাঞ্জক। তবে দুই দলকেই ইতিবাচক মনোভাব নিতে হবে এবং পুরনো রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।"
অবশ্য অধ্যাপক তোফায়েল মনে করেন, স্থানীয় নির্বাচনের ফল সহজ দলীয় মেরুকরণ হিসাবে দেখলে হবে না। এ নির্বাচন স্থানীয় ইস্যু ও ব্যক্তিকেন্দ্রিক হয়। সরকারের মধ্যবর্তী সময়ে এসে সাধারণত স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীনদের অবস্থা তুলনামূলক খারাপ হয়। সেইসঙ্গে রয়েছে 'বিরোধী' ভোটার।
তবে এতে বিরোধীদলের সন্তুষ্টির কারণ নেই জানিয়ে তিনি বলেন, দুই দলই স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য বড় কিছু করেনি। এ ব্যাপারে তাদের ইতিবাচক ভূমিকা রাখতে সচেষ্ট হতে হবে।
অন্যদিকে, মেয়র পর্যায়ে দলীয় সমর্থন দেওয়া হলেও কাউন্সিলর পর্যায়ে সমর্থন না থাকার বিষয়টিকে পীড়াদায়ক বলে মনে করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল।
তিনি বলেন, "খণ্ডিতভাবে স্থানীয় সরকার প্রতিষ্ঠান হয় না। ব্যক্তিকেন্দ্রিক স্থানীয় সরকার কাঠামো দুর্বলই হয়।"
নির্বাচন কমিশন (ইসি) সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সফল হলেও দলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় সমালোচনা করেন বদিউল আলম।
এ বিষয়ে কমিশন বলছে, এটি নিদর্লীয় নির্বাচন। দলগুলো প্রার্থীকে সমর্থন দিলে ইসির করার কিছুই থাকে না। দলীয় নির্বাচনেও ইসির আপত্তি নেই। কিন্তু দলভিত্তিক নির্বাচন করতে হলে স্থানীয় সরকার (পৌরসভা) আইনে পরিবর্তন আনতে হবে।
দলগত অংশ নেওয়ায় নির্বাচনী এলাকাগুলোয় কিছু গোলযোগের ঘটনা ঘটেছে বলে মনে করে ইসি।
সাবেক উপদেষ্টা আকবর আলি বলেন, এবার সুষ্ঠু নির্বাচন হলেও নির্বাচিত সরকারের অধীনে সব সময় সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে কিনা-এ মতামত দলগুলোকেই জানাতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এমএসবি/এমআই/০৯৩০ ঘ.
bdnews24