জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২ টি পদে বিজয়ী হয়েছে। অন্যদিকে বিএনপিপন্থী শিক্ষকদের প্যানেল মাত্র দুটি পদে জয়ী হয়।
বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে অনুষ্ঠিত এ নির্বাচনে ৪৭১ জনের মধ্যে ৪৫৫ জন শিক্ষক ভোটের মাধ্যমে ১৫টি পদে তাদের প্রতিনিধি নির্বাচন করেন।
নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ 'মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি প্যানেল' থেকে নির্বাচনে অংশ নেন।
এ প্যানেল থেকে অধ্যাপক নুরুল আলম সভাপতি ও ড. মোহাম্মদ বখতিয়ার রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ শরীফ উদ্দিন, নির্বাহী পরিষদ সদস্যপদে অধ্যাপক আবুল খায়ের, অধ্যাপক আল মাসুদ হাসানউজ্জামান, আহমেদ রেজা, তপন কুমার সাহা, পৃথ্বিলা নাজনীন নীলিমা, মো. আবুল হোসেন, মো. আরজু মিয়া, মো. আব্দুল মান্নান চৌধুরী ও শেখ মো. মনজুরুল হক জয়ী হয়েছেন।
আওয়ামীপন্থী শিক্ষকদের অপর একটি অংশের প্যানেল 'গণতান্ত্রিক, প্রগতিশীল, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক সংগঠন' থেকে সহ-সভাপতি পদে অধ্যাপক মোহা. মুজিবুর রহমান বিজয়ী হন।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকরা 'বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী উদারপন্থী শিক্ষক প্যানেল' থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ প্যানেল থেকে যুগ্মসম্পাদক পদে সহকারী অধ্যাপক মো. জামাল উদ্দিন রুনু, নির্বাহী পরিষদ সদস্য পদে ড. সৈয়দ কামরুল আহসান (টিটু) বিজয়ী হন।
নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম আবুল কালাম বলেন, সবার অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/০০৩০ ঘ.
bdnews24