২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার বর্জ্য জাহাজ নিরাপদ দূরত্বে রাখার নির্দেশ

ভাঙার জন্য আমদানি করা চার জাহাজকে সমুদ্র সৈকত থেকে নিরাপদ দূরত্বে রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 06:11 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাঙার জন্য আমদানি করা চার জাহাজকে সমুদ্র সৈকত থেকে নিরাপদ দূরত্বে রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়। সেইসঙ্গে গত ১৫ ডিসেম্বর দেওয়া নির্দেশনা অনুযায়ী গঠিত কমিটিকে এসব জাহাজ পরিদর্শনেরও নির্দেশ দেওয়া হয়। এছাড়া অন্য কেউ পরিদর্শন বা অন্য কোনো উদ্দেশ্যে জাহাজে যেতে পারবে না বলেও নির্দেশ দেয় হাইকোর্ট। চার বর্জ্য জাহাজ শিপইয়ার্ডে আনতে আমদানিকারকদের রিট আবেদনে উচ্চ আদালত এসব আদেশ দেয়। রায় বাস্তবায়নের আগ পর্যন্ত ভাঙার জন্য বিদেশ থেকে বাংলাদেশে জাহাজ আনার ওপর গত ১৫ ডিসেম্বর নিষেধাজ্ঞা আরোপ করে হাইকোর্ট। একইসঙ্গে সরকারকে তিন মাসের মধ্যে পুরনো রায় অনুযায়ী জাহাজ ভাঙা বিষয়ক বিধিমালা প্রণয়নেরও নির্দেশ দেওয়া হয়। বিধিমালা প্রণয়নের জন্য আগামী এক মাসের মধ্যে বিশেষজ্ঞদের নিয়ে একটি উচ্চ ক্ষমতার কমিটি গঠন করতেও বলে হাইকোর্ট। জাহাজ আমদানিকারকদের পক্ষে শুনানি করেন আনিসুল হক এবং রোকনউদ্দিন মাহমুদ। অন্যদিকে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলার পক্ষে শুনানি করেন ফিদা এম কামাল এবং ইকবাল কবির। বিডিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএন/এইচএ/২৩৫৬ ঘ.