নারায়ণগঞ্জ, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক কলেজ ছাত্রী আহত হওয়ার ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও ভাংচুর করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় ওই সড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো।
আহত অরিন (১৭) উপজেলার বেগম আনোয়ারা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।
আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে পাঁচরুখী এলাকায় রাস্তা পার হওয়ার সময় অরিনকে একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়।
এতে সে গুরুতর আহত হলে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনা ওই কলেজের ছাত্র-ছাত্রীরা জানার পর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা ১০টি যানবাহন ভাংচুর করে।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২২৩১ ঘ.
bdnews24