কুড়িগ্রাম, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সাতজনের কার্যালয়ে বুধবার তালা মেরেছেন সরকার দলীয় সাংসদ মো. জাকির হোসেন। বিকালে তারই নির্দেশে আবার তালা খোলা হয়।
বিআরডিবি'র একটি সভা ডাকার ঘটনা নিয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয় বলে কর্মকর্তারা জানান।
কুড়িগ্রাম-৪ আসনের সরকার দলীয় সাংসদ মো. জাকির হোসেন বলেন, উত্তরাঞ্চলের হতদরিদ্রদের কর্মসংস্থান নিশ্চিতকরণ কর্মসূচির ১১তম ব্যাচের ৬৪ জন উপকারভোগীর তালিকা তৈরির সময় সংশ্লিষ্টরা টাকা নিয়েছে বলে অভিযোগ পান তিনি।
বিষয়টি আলোচনার জন্য তিনি উপজেলা বিআরডিবি কর্মকর্তাকে বুধবার সকাল ১০টায় কমিটির সকল সদস্যদের সভায় ডাকার অনুরোধ করেন। ইউএনওকেও তার কার্যালয়ের কর্মকর্তাদের নিয়ে সভায় উপস্থিত থাকতে অনুরোধ করেন।
কিন্তু সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অপেক্ষা করেও তিনি কোনো কর্মকর্তাকে সভাস্থলে পাননি। ওই কর্মকর্তারা তাদের দপ্তরেও উপস্থিত ছিলেন না বলে তিনি অভিযোগ করেন।
এতে ক্ষুব্ধ হয়ে তিনি ইউএনও, মহিলা বিষয়ক কর্মকর্তা, বিআরডিবি কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা বন কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অফিসে তালা লাগান বলে জানান।
ইউএনও এ কে এম শওকত আলম মজুমদার বলেন, সভার বিষয়টি কেউ তাকে জানয়নি। তিনি দাঁতভাঙ্গা ইউনিয়নে পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলাম।
বিকাল ৪টার দিকে অফিসে এসে তালা দেওয়ার বিষয়টি জেলা প্রশাসককে জানান। পরে পুলিশ নিয়ে তালা খুলতে গেলে সাংসদ তার সঙ্গে অসদাচরণ করেন বলে তিনি অভিযোগ করেন।
বিকাল ৫টার দিকে সাংসদের নির্দেশেই আবার তালা খুলে দেওয়া হয় বলে তিনি জানান।
সভা ডাকার বিষয়ে বিআরডিবি কর্মকর্তাসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানান, তালা লাগানোর বিষয়টি সাংসদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে জানিয়েছেন। ঘটনাটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৫ ঘ.
bdnews24