২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের সঙ্গে সংঘর্ষ, প্রার্থী গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনের ফল ঘোষণা নিয়ে আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 06:30 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনের ফল ঘোষণা নিয়ে আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে সরকারি দলের 'বিদ্রোহী' মেয়র প্রার্থী বদিউল আলমসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বদিউল আলম যুবলীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। প্রার্থী হওয়ায় সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ আহত হয়েছে অন্তত ১৫ জন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পটিয়া পৌরসভাধীন দক্ষিন গোবিন্দারখীল এলাকায় এই সংঘর্ষ হয়। চট্টগ্রাম জেলা পুলিশের পটিয়া সার্কেলের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) আবদুল আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরাজয় নিশ্চিত জেনে বদিউল আলম ও তার সমর্থকরা দক্ষিণ গোবিন্দারখীল এলাকার একটি কেন্দ্রের ফল ঘোষণা এবং ব্যালট নিয়ে নিয়ন্ত্রণ কক্ষে ফিরতে কর্মকর্তাদের বাধা দেয়। এ সময় পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে বদির সমর্থকরা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এএসপি বলেন, হামলাকারীদের ঠেকাতে পুলিশ লাঠিপেটা করে। মেয়র প্রার্থীর সমর্থকদের ছোড়া ইটের আঘাতে ১০ পুলিশ আহত হয়েছে বলে পুলিশ কর্মকর্তা আউয়াল দাবি করেন। সংঘর্ষের ফলে পটিয়া পৌরসভা নির্বাচনের ফল ঘোষণায় বিলম্ব হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/০০২৭ ঘ.