ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সংস্কারের জন্য 'রাষ্ট্রপতির আদেশ' সংশোধনসহ বেশ কিছু সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সুপারিশ করা হয়। এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।
বাণিজ্য সচিব গোলাম হোসেনের সভাপতিত্বে এই সভায় 'দি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ অর্ডার, ১৯৭২' (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নম্বর ৬৮) সংশোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটির পুনর্গঠনের সুপারিশ করা হয়। বর্তমানে ওই আদেশের মাধ্যমেই টিসিবি পরিচালিত হয়।
সভার অন্য সুপারিশগুলো হলো- পণ্যমূল্য স্থিতিশীল রাখতে আমদানি বা স্থানীয়ভাবে কেনার মাধ্যমে প্রয়োজনীয় মজুদ সৃষ্টি, সংরক্ষণ ও প্রয়োজন অনুয়ায়ী সরবরাহের সুযোগ তৈরি; প্রতিষ্ঠানের কার্যক্রমে ভারসাম্য রক্ষার জন্য সার্বক্ষণিক পরিচালকের পাশাপাশি দু'জন পরিচালক নিয়োগ; প্রতিষ্ঠানের অনুমোদিত মূলধনের পরিমাণ পাঁচ কোটি টাকা থেকে বাড়িয়ে এক হাজার কোটি টাকা করা; এফবিসিসিআই-এর একজন প্রতিনিধিসহ ছয় সদস্যের পরিচালনা পর্ষদ গঠন; মনোনীত পরিচালক ছাড়া অন্য পরিচালকদের দায়িত্ব সার্বক্ষণিক করা; সংস্থার কার্যক্রম পরিচালনায় প্রধান নির্বাহীকে প্রয়োজনীয় ক্ষমতা ও কর্তৃত্ব দেওয়া এবং প্রধান নির্বাহীর জবাবদিহিতা নিশ্চিত করা।
অন্যদের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মুর্তজা রেজা চৌধুরী, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সারোয়ার জাহান তালুকদার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহা পরিচালক মোঃ আবুল হোসেন মিঞা, ডব্লিউটিও সেলের মহা পরিচালক অমিতাভ চক্রবর্তী, এফবিসিসিআইয়ের সহ সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/২১১০ ঘ.
bdnews24