নাটোর, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কলেজছাত্র সানোয়ার হোসেনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় নাটোরের বাগাতিপাড়া মঙ্গলবার ছিলো উত্তাল।
হত্যাকারীদের বিচারের দাবিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। বিক্ষুব্ধ ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল-সমাবেশ, মানববন্ধন করে।
ব্যবসায়ীরাও প্রতিবাদ জানাতে বন্ধ রাখেন প্রতিষ্ঠান।
সানোয়ার হত্যার ঘটনায় করা মামলার ছয় আসামিকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।
বাগাতিপাড়া ও বড়াইগ্রাম থানা পুলিশ জানায়, বাগাতিপাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রথমবর্ষের ছাত্র সানোয়ার হোসেন রোববার বিকালে নিজ বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হয়।
অনেক রাত অবধি সে বাড়ি না ফিরলে আত্মীয় স্বজন আশপাশে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে উপজেলার বেগুনিয়া মাঠে তার বাইসাইকেল ও সেন্ডেল পাওয়া যায়।
সোমবার সকালে সানোয়ারের বাবা স্কুলশিক্ষক আফছার আলী এ ব্যাপারে বাগাতিপাড়া থানায় সাধারণ ডায়েরি করেন।
এর পরপরই বড়াইগ্রাম উপজেলার ভবানিপুরে নর্থবেঙ্গল সুগার মিলের একটি আখ ক্ষেতের মধ্যে সানোয়ারের অগ্নিদগ্ধ লাশ পাওয়া যায়। দুর্বৃত্তরা তাকে হত্যা করে শরীরের উপরের অংশ আগুনে ঝলসে দেয়।
ওইদিন বিকালে ময়না তদন্ত শেষে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়।
রাতে সানোয়ারের বাবা বাদি হয়ে বাগাতিপাড়া থানায় সাতজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রেমঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে আসামিরা সানোয়ারকে হত্যা করেছে বলে মামলায় উল্লেখ করা হয়।
পুলিশ রাতেই মামলার আসামি সহপাঠি সোহেল (২০), আরিফ (২২), দীপক (২৪), গৌতম (২৪), আকবর (৪৫) ও আলমগীরকে (২২) নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সানোয়ার হত্যাকাণ্ডের প্রতিবাদে বাগাতিপাড়া ডিগ্রি কলেজ, বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়সহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ও স্থানীয় জনতা তমালতলা বাজারে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- এলাকাবাসীর পক্ষে আব্দুল হাদী ও জামিলুর রহমান।
বক্তারা সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তিদের দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বিক্ষোভকারীরা নাটোর-বাগাতিপাড়া সড়কে অবস্থান নিলে কিছু সময়ের জন্য এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিপুল সংখ্যক পুলিশের বাধা উপেক্ষা করে তারা এসব কর্মসূচি পালন করে।
সানোয়ার হোসেনের বাবা আফছার আলী সাংবাদিকদের জানান, তার ছেলে একজন মেধাবী ছাত্র। কিছু বিপথগামী সহপাঠির ষড়যন্ত্রে সে নিহত হয়েছে।
তিনি দায়ী ব্যক্তিদের দ্রুত বিচার দাবি করেন।
বাগাতিপাড়া থানার ওসি মীর্জা আব্দুস সালাম বলেন, "ঘটনাটি দু:খজনক। আমরা মামলা দায়েরের পরপরই এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তার করেছি। তদন্ত চলছে।"
খুব অল্প সময়ের মধ্যে খুনের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে তিনি আশা করেন।
ওসি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রেমঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে সানোয়ারকে অপহরণ করে হত্যা করা হয়েছে। লাশ গুম করতেই দুর্বৃত্তরা তার লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩১ ঘ.
bdnews24